২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বন্দুকযুদ্ধে' ১৯ মামলার আসামি নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ১৯টি মামলার এক আসামি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2010, 06:48 AM

Updated : 25 Aug 2022, 06:39 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মিরসরাইয়ে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ১৯টি মামলার এক আসামি নিহত হয়েছে। নিহতের নাম আখতারুজ্জামান খুশবু (৩৮)। তিনি দ্বীপ উপজেলা সন্দ্বীপের চিহ্নিত সন্ত্রাসী বলে র‌্যাব জানিয়েছে। র‌্যাব-৭ এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার প্রথম প্রহরে মিরসরাইয়ের ধুমখালী বেড়িবাঁধে খুশবু মারা যায়। মোস্তাফিজুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খুশবু ও তার দলের সদস্যরা নাশকতা সৃষ্টির লক্ষ্যে ধুমখালী বেড়িবাঁধে জড়ো হয় বলে র‌্যাবের কাছে খবর আসে। "রাত দেড়টার দিকে র‌্যাব সেখানে অভিযানে গেলে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ করে গুলি ছোড়ে। তখন র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়।" কিছু সময় গোলাগুলির পর সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে খুশবুকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় জানিয়ে র‌্যাব কর্মকর্তা মোস্তাফিজুর বলেন, তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে দুটি বন্দুক, তিন রাউন্ড কার্তুজ, একটি চাপাতি, একটি রামদা উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব জানায়। র‌্যাব বলছে, খুশবুর বিরুদ্ধে সন্দ্বীপসহ চট্টগ্রামের বিভিন্ন থানায় হত্যার অভিযোগে তিনটিসহ মোট ১৯টি মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১২৪৫ ঘ.