ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের তৈরিপোশাক শিল্পে শ্রমিক অসন্তোষ নিয়ে যুক্তরাষ্ট্র সরকার উদ্বিগ্ন বলে জানিয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।
বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে 'বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক' শীর্ষক সেমিনারে বক্তব্যে তিনি এ কথা বলেন।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) আয়োজিত সেমিনারে বাণিজ্যমন্ত্রী ফারুক খানও বক্তব্য দেন।
শ্রমিক অসন্তোষের ঘটনায় আটকদের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা না হলে অসন্তোষ আরো বেড়ে যেতে পারে বলে মন্তব্য করেন মরিয়ার্টি। তিনি বলেন, "শ্রমিক অসন্তোষের সুরাহা হলে বাংলাদেশের রপ্তানি আরো বাড়বে।"
বাংলাদেশের এক হাজার আটশ কোটি মার্কিন ডলার রপ্তানি আয়ের প্রায় ৮০ ভাগই আসে তৈরিপোশাক রপ্তানি থেকে। তৈরিপোশাক শিল্পে কর্মরত শ্রমিকরা প্রায়ই তাদের বেতন ও অন্য ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করে থাকে।
বিদেশি বিনিয়োগ বাড়াতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বিনিয়োগ বোর্ডকে 'ওয়ান স্টপ সাভির্স ' হিসেবে কাজ করতে হবে বলেও বুধবার মত দেন মরিয়ার্টি। তিনি বলেন, "চার মাসের মধ্যেই বিনিয়োগ বোর্ডকে বিনিয়োগ প্রস্তাবের ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া উচিৎ।"
মরিয়ার্টি স্পষ্ট করে জানান, যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য প্রবেশের ক্ষেত্রে প্রতিযোগী দেশগুলো যে প্রক্রিয়ায় এগিয়েছে বাংলাদেশকেও সেভাবেই এগুতে হবে।
রাষ্ট্রদূতের বক্তব্যের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, "তৈরি পোশাক শিল্পের শ্রমিক অসন্তোষের পেছনে অভ্যন্তরীণ কারণ যেমন আছে, তেমন আছে বাইরের উস্কানি।"
উস্কানিদাতারা পার পাবে না বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/পিডি/২০০৯ ঘ.
bdnews24