ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসনের নয়জন উপসচিব পর্যায়ের কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।
বুধবার সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল করা হয়।
একইদিন প্রশাসনের বিভিন্ন পদে প্রেষণে কর্মরত সশস্ত্র বাহিনীর ১৪ কর্মকর্তার পদেও রদবদল করা হয়েছে।
উপসচিবদের মধ্যে প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উপ-পরিচালক রফিকুল আলমকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে, সংস্থাপন মন্ত্রণালয়ের কাউসার আলীকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নুরুল আমিনকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব, সরকারি আবাসন পরিদপ্তরের উপ-পরিচালক অনল চন্দ্র দাসকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা সুসেন চন্দ্র রায়কে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে, বাণিজ্য মন্ত্রণালয়ের এসএম রেজোয়ান হোসেনকে সড়ক ও রেলপথ বিভাগে এবং ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক পদে কর্মরত উপসচিব অভিজিত সরকারকে সংস্থাপন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়।
বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব আবুল মনসুর মো. ফয়জুল্লাহকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন করা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব জয়নাল আবেদীন মোল্লাকে খাদ্য বিভাগের আইন কর্মকর্তা নিয়োগ করা হয়।
সশস্ত্র বাহিনী বিভাগের কর্মকর্তাদের মধ্যে সেনাবাহিনীর কর্নেল একেএম সামসুদ্দিনকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) অধিদপ্তরের পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ের সার্জেন্ট অ্যাট আর্মস পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন নৌবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন একেএম ফারুক হাসান।
বিমান বাহিনীর উইং কমাণ্ডার আবুল কাশেম মো. মাহমুদুল হাসানকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন) পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়। ওই পদে প্রেষণে কর্মরত একই বাহিনীর কর্মকর্তা উইং কমাণ্ডার কামরুল ইসলামকে বিমান বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক পদে প্রেষণে কর্মরত নৌ-বাহিনীর লে. কমাণ্ডার এম রেজা শাহ পাহলবীকে নৌবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। ওই পদে নতুন নিয়োগ পেয়েছেন একই বাহিনীর কর্মকর্তা ই.লে. এম নূর আলম সিদ্দিকী।
নৌ-বাহিনীর কর্মকর্তা লে. কমাণ্ডার মাইনুল ইসলাম সরকার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) ড্রেজার খনক-এর সিনিয়র ড্রেজিং মাস্টার পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন। ওই পদে প্রেষণে নিয়োজিত নৌ-বাহিনীর কর্মকর্তা লে. কমাণ্ডার সানোয়ার হোসাইনকে তার মূল কর্মস্থলে ফেরত পাঠানো হয়।
সেনা কর্মকর্তা মেজর সাদেক মাহমুদকে জরিপ অধিদপ্তরের সহকারী সার্ভে সুপার, নৌ-বাহিনীর কর্মকর্তা এনএইচ ভূঁইয়াকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) উপ-সহকারী প্রকৌশলী (হাইড্রো) এবং সেনা কর্মকর্তা কর্নেল ফারুক উল হককে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ প্রেষণে নিয়োগ দেওয়া হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপ-সহকারী প্রকৌশলী (হাইড্রো) পদে প্রেষণে কর্মরত নৌবাহিনীর কর্মকর্তা সাইফুল ইসলাম এবং আনসার ও ভিডিপি অধিদপ্তরে প্রেষণে কর্মরত সেনা কর্মকর্তা কর্নেল মোহাম্মদ হামিদুল হককে তাদের মূল কর্মস্থলে ফেরৎ পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৯৫৬ ঘ.
bdnews24