বরিশাল, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী নির্যাতন ও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিসিসি'র ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন নোমানের বিরুদ্ধে আরো একটি চাঁদাবাজির মামলা হয়েছে।
কোতয়ালী মডেল থানার ওসি কমলেশ চন্দ্র হালদার জানান, বুধবার দুপুরে নগরীর চকবাজার এলাকার ব্যবসায়ী মো. মানিক হাওলাদার কোতয়ালী মডেল থানায় বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) এ কাউন্সিলরের বিরুদ্ধে মামলাটি করেন।
মামলায় অভিযোগ করা হয়, মানিক চন্দ্র হালদার নগরীর জর্ডন রোডে তার কেনা জমির ওপর একটি বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নিলে তার বিরুদ্ধে সড়কের জমি দখলের অভিযোগ তোলা হয়।
পরে এর নিষ্পত্তি করতে তার কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন নোমান। টাকা দেয়ার পরও বিসিসি কর্তৃপক্ষ তার নির্মাণাধীন পাঁচতলা ভবনের একটি অংশ ভেঙে ফেলে।
তাতে আরো অভিযোগ করা হয়, নোমান ওই অর্থ ফেরত দেয়ার কথা বললেও তা আর ফেরত দেননি।
নারী নির্যাতন ও চাঁদাবাজির মামলায় গত সোমবার রাতে ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন নোমানসহ আট জনকে গ্রেপ্তার করে পুলিশ।
ওইদিন কোতয়ালী মডেল থানায় মহনগর শ্রমিক লীগের সদস্য ও ৯ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সহ-সভাপতি আক্কেল উদ্দিন নারী নির্যাতন ও চাঁদাবাজির অভিযোগে মামলাটি করেন।
বুধবার ওই মামলায় তারা জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে দেয়।
একই আদালত মঙ্গলবারও তাদের জামিনের আবেদন বাতিল করে গ্রেপ্তার নোমানসহ আটজনকে জেল হাজতে পাঠায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/পিডি/১৯২১ ঘ.
bdnews24