২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় তিন জেলায় নিহত ৬

সুনামগঞ্জ, নারায়ণগঞ্জ ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2010, 12:40 PM

Updated : 25 Aug 2022, 06:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জ, নারায়ণগঞ্জ ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বুধবার সুনামগঞ্জে তিনজন ও নারায়ণগঞ্জে দুইজন এবং মঙ্গলবার বাগেরহাটে একজন নিহত হন। সুনামগঞ্জ প্রতিনিধি জানান, ছাতক উপজেলার ধারনবাজারে বুধবার মিনিবাস ও সিনএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মহিলাসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হন তিনজন। নিহতদের দু'জন হলেন- দেলোয়ার মিয়া (৩৬) ও রুহেনা বেগম (১৯)। নিহত আরেকজন ও তিন আহতের পরিচয় পাওয়া যায়নি। এরা সবাই অটোরিকশার যাত্রী। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসীর বরাত দিয়ে জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আকিকুল ইসলাম বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কে সিলেটগামী একটি মিনিবাসের সঙ্গে সুনামগঞ্জগামী সিএনজিটি অটোরিকশার মুখামুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়। নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, রূপগঞ্জ উপজেলার তারাবো যাত্রামুড়া ব্রিজ এলাকায় বুধবার দুুপুরে একটি যাত্রীবাহী বাস অপর একটি বাসকে ধাক্কা দিলে দুইজনের মৃত্যু হয়। নিহতরা হলেন, সুবজ মিয়া (৩০) ও মেহেদী (১৫)। রূপগঞ্জ থানার ওসি ফোরকান শিকদার জানান, দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে একটি বাস দাঁড়িয়ে যাত্রী তুলছিল। ওই সময় বিদ্যুৎ মনোহরদীগামী একটি বাস দাঁড়ানো বাসটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসটির সহকারী ও এক কিশোরের মৃত্যু হয়। পুলিশ বাসটিকে আটক করেছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বাগেরহাট প্রতিনিধি জানান, ফকিরহাট উপজেলায় মঙ্গলবার রাতে বাসচাপায় নিহত হয়েছেন স্থানীয় সুপারি ব্যবসায়ী সাকাম উদ্দিন (৭০)। তার বাড়ি ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে। ফকিরহাট থানার ওসি মো. লিয়াকত আলী জানান, সন্ধ্যায় সাকাম উদ্দিন বাইসাইকেলে কাটাখালী যাচ্ছিলেন। বাগেরহাট-খুলনা মহাসড়কের কাটাখালী এলাকায় বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এই ঘটনায় ফকিরহাট থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩২ ঘ.