ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমাজে অপরাধের বিস্তারের কথা বর্ণনা করে তা দমনে কিছুটা অসহায়ত্বের সুরই ফুটে উঠলো পুলিশের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তার কথায়।
পুলিশের উপমহাপরিদর্শক মো. মোখলেসুর রহমান বুধবার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বলেন, সমাজে এখন নানা ধরণের অপরাধ ছেয়ে গেছে। কোনো কোনো অপরাধ মহামারি হিসাবে দেখা দিয়েছে।
এসব অপরাধের মাত্র ৩০ শতাংশ পুলিশ নিয়ন্ত্রণ করতে পারে, বলেন তিনি।
বিভিন্ন অপরাধে পুলিশের জড়িয়ে পড়ার স্বীকারোক্তিও বের হলো ঢাকা রেঞ্জের এই পুলিশ কর্মকর্তার মুখে। তবে অপরাধ দমনে নিজ বিভাগের বিভিন্ন কার্যক্রমের কথাও তুলে ধরেন তিনি।
মোখলেসুর নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "সমাজের এমন কোনো জায়গা নেই যেখানে মাদক নেই। পুলিশ ফেনসিডিল পান করছে। কতিপয় ডাক্তার অপরেশনের যাওয়ার আগে ফেনসিডিল পান করে যায়। এই মাদক এখন মহামারি আকার ধারণ করেছে। বলতে দ্বিধা নেই মাদক দ্রব্যের বেশ কিছু 'কুটির শিল্প' দেশের বিভিন্ন জায়গায় আছে।"
নকল ওষুধ, সাইবার অপরাধের বিস্তারের কথাও তুলে ধরেন তিনি। এর পাশাপাশি ইভটিজিং বেড়ে যাওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই পুলিশ কর্মকর্তা।
এসব অপরাধ নিয়ন্ত্রণ পুলিশের একার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে ডিআইজি বলেন, "মাত্র ৩০ ভাগ অপরাধ পুলিশ নিয়ন্ত্রণ করতে পারে। বাকিটা সামাজিকভাবে নিয়ন্ত্রিত হয়।"
অপরাধ দমনে জনসচেতনতার ওপর জোর দেন তিনি।
পুলিশের কার্যক্রমের কথা তুুলে ধরে মোখলেসুর বলেন, "ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুরের বেশ কয়েকটি পোশাক কারখানার মালিক ঈদের কয়েকদিন আগে প্রতিষ্ঠান বন্ধ করে গা ঢাকা দেয়। বেতন বোনাসের দাবিতে এসব শ্রমিকদের আন্দোলনে যাওয়ার সম্ভাবনা ছিল। পরে পুলিশ এসব কারখানার মালিকদের খুঁজে বের করে ধরে এনে থানায় বসিয়ে শ্রমিকদের বেতন বোনাস আদায় করে দেয়।"
এবার ঈদে পুলিশের তৎপরতায় সড়কে কোনো সমস্যা হয়নি বলে দাবি করেন তিনি। যদিও মহাসড়কে বিভিন্ন স্থানে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠে। এই জন্য নারায়ণগঞ্জে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্তও করা হয়।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় ডিআইজির সঙ্গে ছিলেন অতিরিক্ত ডিআইজি মিলি বিশ্বাস, ঢাকা জেলা পুলিশ সুপার ইকবাল বাহার, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার আফজাল হোসেন, রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ডেন্ট নজরুল ইসলাম।
হঠাৎ করে মোখলেসুরের এই মতবিনিময় সভা করার উদ্দেশ্য ঈদ-উত্তর শুভেচ্ছা বিনিময় বলা হলেও নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশেরই কয়েকজন কর্মকতা সাংবাদিকদের বলেন, ঢাকা মহানগর পুলিশ কমিশনার হওয়ার দৌড়ে আছেন মোখলেসুর। আর এই জন্যই তার এই সভা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৭১০ ঘ.
bdnews24