গাজীপুর, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে সংঘর্ষে গাজীপুরে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হন অন্তত ১০ জন। এ ঘটনায় দায়ের করা একটি মামলায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলায় পিরুজালি মধ্যপাড়ার ল্যাঙ্গরার বাজার এলাকায় এ সংঘর্ষ হয়।
নিহতরা হলেন- পিরুজালি গ্রামের ঘোনা পাড়ার বাসিন্দা কারখানা শ্রমিক সুশান্ত চন্দ্র সরকার (২৫) ও চাঁন মিয়ার ছেলে নুরুল ইসলাম (৪৫)।
এ ঘটনায় সুশান্তর বড় ভাই বিকারন চন্দ্র সরকার মঙ্গলবার মধ্যরাতে জয়দেবপুর থানায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫/২০ জনকে আসামি করে মামলা করেন।
এ মামলার আসামি আবু তাহেরকে (৪৮) পুলিশ গ্রেপ্তার করেছে।
তবে ওই সংঘর্ষে নিহত নুরুল ইসলাম খুনের ঘটনায় কেউ মামলা করেনি।
মামলায় উল্লেখ, জমি নিয়ে দীর্ঘদিন ধরে পিরুজালি মধ্যপাড়ার মনসুর আলী ও তার ভাগ্নে তাইজুল ইসলামের মধ্যে বিরোধ চলছিল।
এর জেরে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে পিরুজালি মধ্যপাড়ার ল্যাঙ্গরার বাজারের পাশে মনসুর আলীর সমর্থক ও তার ভাগ্নে তাইজুল ইসলামের মধ্যে সংঘর্ষ চলছিল। সংঘর্ষ চলাকালে পাশ দিয়ে যাওয়ার সময় মনসুরের গুলিতে সুশান্ত ঘটনাস্থলে মারা যান।
জয়দেপুর থানায় ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় গ্রেপ্তার আবু তাহেরকে গাজীপুর সদর হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৬৫৭ ঘ.
bdnews24