২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়কর রিটার্ন: সময় আর বাড়বে না

আয়করদাতাদের নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দেওয়ার অভ্যাস গড়ে তোলার আহবান জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সামনের বছরগুলোতে আর বাড়তি সময় দেওয়া হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2010, 09:08 AM

Updated : 25 Aug 2022, 06:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়করদাতাদের নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দেওয়ার অভ্যাস গড়ে তোলার আহবান জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সামনের বছরগুলোতে আর বাড়তি সময় দেওয়া হবে না। জাতীয় আয়কর দিবস উপলক্ষে বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, "আমি ঘোষণা দিতে চাই- চিরদিনের জন্য আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর নির্ধারিত হয়েছে। "আয়করদাতারা সাবধান- আর মাত্র ১৫ দিন বাকি আছে।" আয়কর রিটার্ন দাখিল সহজতর করতে চলতি বছরে সংসদে আয়কর আইন সংশোধন করা হবে বলে তিনি জানান। ২০০৮ সাল থেকে বছরের ১৫ সেপ্টেম্বরকে জাতীয় আয়কর দিবস হিসেবে পালন করা হচ্ছে। দিবস উপলক্ষে এবার রাজধানীসহ সব বিভাগীয় এবং জেলা শহরে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। বেইলি রোডে ঢাকা অফিসার্স ক্লাবে 'জাতীয় আয়কর দিবস-২০১০' উপলক্ষে দুপুরে ওই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের ৩৫০ জন করদাতাকে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে অর্থমন্ত্রী অনলাইল ট্যাক্স ক্যালকুলেটরের উদ্বোধন করেন। এই ক্যালকুলেটরের মাধ্যমে যে কোনো আয়কর দাতা নিজের আয়করের হিসাব নির্ধারণ করে নিজেই রিটার্ন জমা দিতে পারবেন। অনলাইন ট্যাক্স ক্যালকুলেটরের উদ্বোধন করে অর্থমন্ত্রী বলেন, "এখন থেকে কোনো ব্যক্তিকে আয়কর কর্মকর্তার কাছে যাওয়ার প্রয়োজন নেই। আপনার নিজেকে কত আয়কর দিতে হবে তা অনলাইনে জেনে নিতে পারবেন। এই পদ্ধতির ফলে আমি আশা করছি, দুর্নীতি বিদায় হবে। আয়কর নিয়ে হয়রানিও দূর হবে।" করদাতারা যাতে কোনো অবস্থাতেই হয়রানির শিকার না হন সে বিষয়ে কর আদায়কারীদেরকে খেয়াল রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, "যে কোনো ধরনের দুর্নীতিকে যথা সম্ভব দূরে রাখতে হবে।" অর্থমন্ত্রী বলেন, "নেপালের চেয়ে কম মানুষ আমাদের দেশে আয়কর দিয়ে থাকেন। এটা আমাদের জন্য একটি লজ্জাজনক ঘটনা।" অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান নাসিরউদ্দীন আহমেদ জানান, করদাতার সংখ্যা বাড়াতে প্রথমবারের মতো ঢাকা ও চট্টগ্রামে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করমেলা অনুষ্ঠিত হবে। দেশের সর্বোচ্চ করদাতা ১০টি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাকে ট্যাক্স কার্ড প্রদান করা হবে। শিগগিরই একটি অনুষ্ঠানের মাধ্যমে এই কার্ড দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/জিএনএ/১৫০৪ ঘ.