ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের ছয় উপসচিবসহ বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।
মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল করা হয়।
উপসচিবদের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিরাজুল হায়দারকে সাউথ এশিয়ান ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট'র প্রকল্প পরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিপুল চন্দ্র রায়কে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব, কৃষি মন্ত্রণালয়ের গোলাম মোস্তফা খানকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সচিব, সড়ক ও রেলপথ বিভাগের ইউসুফ আলীকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিচালক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের ইমরুল চৌধুরীকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব আবু তৈয়ব সৈয়দ শেখকে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক পদে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়।
এছাড়া শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক খায়রুল আলম শেখকে প্রত্যাহার করে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সহকারী সচিব মুস্তাফিজুর রহমানকে শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক পদে নিয়োগ করা হয়েছে।
সদ্য বিলুপ্ত কর ন্যায়পালের একান্ত সচিব সাইদুর রহমান খান ভূমি সংস্কার বোর্ডের সহকারী ভূমি সংস্কার কমিশনার পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৮০৯ ঘ.
bdnews24