কুমিল্লা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লায় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সদর দক্ষিণ থানার কালিরবাজার ইউনিয়নের দক্ষিণ জাঙ্গালিয়া গ্রামে সোমবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, দক্ষিণ জাঙ্গালিয়া গ্রামের আবদুল কাদেরের ঘরে ডাকাত করে পালানোর সময় জনতা এক ডাকাতকে ধরে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সদর দক্ষিণ থানার সহকারী পরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ সাংবাদিকদের বলেন, "একদল ডাকাত রাতে কাদেরের বাড়িতে হানা দেয়। ডাকাতি শেষে তারা পালানোর সময় বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী ছুটে আসে।"
নিহত ডাকাতের পরিচয় পাওয়া যায়নি। তার সঙ্গীরা পালিয়ে যায়।
পুলিশ সকালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ডাকাতির ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
কাদেরের পরিবারের অভিযোগ, ডাকাত দল সাড়ে সাত ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ৪৭ হাজার টাকা লুট করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩০ ঘ.
bdnews24