২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে সমুদ্রে ডুবে তরুণের মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে উদ্ধারের পর এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2010, 06:33 PM

Updated : 25 Aug 2022, 06:37 PM

কক্সবাজার, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে উদ্ধারের পর এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উদ্ধারকর্মীরা (লাইফ গার্ড) উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। লোকটির কোমরে গামছা বাঁধা ও গায়ে কাল গেঞ্জি পরা ছিল। বয়স ২৩/২৪ বছরের মতো হবে। একইদিন উদ্ধারকর্মীরা সাগরে গোসল করতে নামা আরো সাত পর্যটককে উদ্ধার করেছে। এরা হলেন- মুন্সীগঞ্জের সোনারাম এলাকার তুষার (১৭), লিংকন (২০), ঢাকার লালবাগ এলাকার মানিক (৩৫), তার স্ত্রী নিতু (২৫), রাসেল (৩৫), তার স্ত্রী ডলি (২৫) এবং গুলশান-২ এলাকার মোহাম্মদ বিন সালেহ (১২)। কক্সবাজার সমুদ্র সৈকতে উদ্ধারকারী দল ইয়াসির লাইফ গার্ডের পরিচালক মোস্তফা কামাল জানান, বিকাল সাড়ে ৩টার দিকে সাগরে একটি মানুষ ভাসতে দেখে লাইফ গার্ডের কর্মীরা তাকে তুলে এনে শহরের ফুয়াদ আল খতীব হাসপাতালে পাঠায়। তিনি আরো জানান, অন্য পর্যটকরা বেলা সাড়ে ১১টার দিকে গোসল করতে গিয়ে ভেসে যায়। কক্সবাজার মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস জানান, অজ্ঞাত পরিচয় তরুণটি হাসপাতালে নেওয়ার পরই মারা যান। অপর সাত পর্যটককে উদ্ধারের কথাও তিনি স্বীকার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৪ ঘ.