২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে চুরি: প্রশ্ন তুলেছে পুলিশ

নগরীতে ঈদের ছুটিতে এক প্রতিষ্ঠান থেকে বিপুল অর্থ চুরি হয়েছে বলছেন এর মালিক। তবে পুলিশ প্রতিষ্ঠানে টাকা রাখা নিয়ে প্রশ্ন তুলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2010, 03:52 PM

Updated : 25 Aug 2022, 06:37 PM

খুলনা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীতে ঈদের ছুটিতে এক প্রতিষ্ঠান থেকে বিপুল অর্থ চুরি হয়েছে বলছেন এর মালিক। তবে পুলিশ প্রতিষ্ঠানে টাকা রাখা নিয়ে প্রশ্ন তুলেছে। নগরীর বড়বাজারে মেসার্স তাজ ট্রেডিং নামের পেয়াজ রসুন ও হলুদ আমদানিকারক ও পাইকারি বিক্রির প্রতিষ্ঠানের ফাইল কেবিনেট থেকে ১২ লাখ ৩০ হাজার টাকা চুরি হয়েছে, বলেন এর মালিক এমএ ওহাব। এ প্রসঙ্গে সদর থানার ওসি মুনীর-উল-গীয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চুরির ঘটনাটি রহস্যজনক। তাজ ট্রেডিংয়ে সিন্দুক থাকা সত্ত্বেও কেন তারা ফাইল কেবিনেটে এতগুলো টাকা রাখলো। ঘটনাটি পুলিশ তদন্ত করছে।" ওহাব জানান, ঈদের ছুটির পর সোমবার সকালে প্রতিষ্ঠান খুলে তিনি এ ঘটনা জানতে পারেন। তিনি বলেন, "প্রতিষ্ঠানের ফাইল কেবিনেটে ঈদের আগের দিনের বিক্রির ১২ লাখ ৩০ হাজার টাকা রেখে যাই। সোমবার সকালে এসে দেখি কেউ কেবিনেট ভেঙে টাকা নিয়ে গেছে। ঘটনাস্থলে দুইটি ছোট শাবল এবং একটি স্ক্রু ড্রাইভার পড়ে ছিল।" প্রতিষ্ঠানে রাতে দেলোয়ার ও ফয়েজ নামে দুই কর্মী ঘুমিয়েছিল জানিয়ে ওহাব বলেন, "প্রতিষ্ঠানের মূল গেটের চাবি দেলোয়ারের কাছে ছিল। খোলার কিছুক্ষণ পর দেলোয়ার গাঢাকা দেয়। পরে স্থানীয় শ্রমিক নেতাদের মাধ্যমে তাকে ধরে আনা হয়।" এরপর বিষয়টি তিনি খুলনা সদর থানাকে অবহিত করলে এসআই শাহজাহান সিরাজ শ্রমিক দেলোয়ার ও ফয়েজকে থানায় নিয়ে যেতে চান। এসময় বাজারের অন্য শ্রমিকদের বাধায় পুলিশ থানায় ফিরে যায়। দুই শ্রমিককে পুলিশের হাতে তুলে দেয়ার প্রতিবাদে বেলা ১২টার দিকে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে। বড়বাজার হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি নাসির খান বলেন, "তাজ ট্রেডিংয়ের মালিক এমএ ওহাব চক্রান্ত করে ওই দুই শ্রমিককে ফাঁসানোর জন্য টাকা চুরির নাটক সাজিয়েছেন। শ্রমিকদের ন্যায্য মজুরি দেয়ার আন্দোলনে ওই দুই শ্রমিক জোরালো ভূমিকা রাখায় এ নাটক সাজানো হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২১৪৭ ঘ.