ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শ্রীপুরে রোববার মধ্যরাতে বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির একটি কারখানায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।
ডাকাতরা মালামাল লুট করে ট্রাকে করে নিয়ে যায়।
শ্রীপুর থানার সহকারি উপপরিদর্শক সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গড়গড়িয়ার মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত 'পাওয়ারম্যান বাংলাদেশ' নামের ওই কারখানায় ডাকাতির ঘটনায় এর ম্যানেজার মেহেদী হাসান বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।
মামলায় নগদ অর্থসহ প্রায় ৩৭ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে অভিযোগ করা হয়।
কারখানার পরিচালক হাসান মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সোয় দুইটার দিকে প্রায় ২৫/৩০ জনের একটি ডাকাত দল অস্ত্রের মুখে কারখানার ছয় নিরাপত্তা কর্মীকে হাত-পা ও চোখ বেঁধে একটি কক্ষে আটকে রাখে।
পরে ডাকাত দল কারাখানার বিভিন্ন কক্ষের তালা ভেঙ্গে নগদ অর্থ এবং মালামাল লুট করে। প্রায় এক ঘন্টা ধরে ডাকাতির সময় তারা নিরাপত্তা কর্মীদের মতো বাঁশি ফুঁকতে থাকে, যাতে কেউ বুঝতে না পারে ডাকাতি হচ্ছে।
ডাকাত দল রাত সাড়ে তিনটার দিকে লুট করা মালামাল ট্রাকে করে নিয়ে চলে যায় বলে জানান কারখানার পরিচালক।
হাসান মামুন জানান, ট্রান্সফরমারসহ বিভিন্ন বদ্যুতিক সরঞ্জাম এই কারখানায় তৈরি করা হতো।
পুলিশ কারখানার চার নিরাপত্তা কর্মীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এইচএ/২০৫৬ ঘ.
bdnews24