২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ ঢাকার ভবনগুলোর তালিকা প্রকাশ হচ্ছে

নগরবাসীকে ভূমিকম্পের ঝুঁকি থেকে রক্ষায় শিগগিরই রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবনগুলোর তালিকা প্রকাশ করতে যাচ্ছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2010, 12:16 PM

Updated : 25 Aug 2022, 06:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরবাসীকে ভূমিকম্পের ঝুঁকি থেকে রক্ষায় শিগগিরই রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবনগুলোর তালিকা প্রকাশ করতে যাচ্ছে সরকার। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, দমকল বাহিনী ভবন এবং সচিবালয়ের তিনটি ভবন (১, ৪ ও ৫) পুনঃসংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজও শিগগিরই শুরু করা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান। সচিবালয়ে নিজ কার্যালয়ে সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। ঈদের দিন ও এর আগের দিন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হওয়ায় সরকারের পক্ষ থেকে সতর্কতামূলক কী পদক্ষেপ নেওয়া হচ্ছে সে সম্পর্কে প্রতিমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়। এ বিষয়ে তিনি জানান, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের অধীনে সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির (সিডিএমপি) গবেষকরা ঢাকা মহানগরীতে ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ প্রায় ৭২ হাজার ভবন চিহ্নিত করেছেন। এসব ভবনের তালিকা করা হয়েছে মূলত সাধারণ মানুষকে সতর্ক করতে। শিগগিরই এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। আব্দুল মান্নান খান বলেন, "ভূমিকম্পের ঝুঁকি নিয়ে একটি মহল জনমনে ভীতি সঞ্চারের অপচেষ্টা চালাচ্ছে। সরকার এ ব্যাপারে সচেতন রয়েছে। জন্ম যখন নিয়েছি, তখন মৃত্যু হবে এটাই স্বাভাবিক। তাই বলে হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না। ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় সরকার কাজ করে যাচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৮০০ ঘ.