২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে সংঘর্ষে আহত ৩০

সুনামগঞ্জের দিরাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার বিকেলে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2010, 12:11 PM

Updated : 25 Aug 2022, 06:37 PM

সুনামগঞ্জ, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের দিরাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার বিকেলে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর আটজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহতরা হলেন- স্বপন মিয়া (১৮), কুমুদ রঞ্জন দাস (৪৫), সুবোধ রঞ্জন দাস (৫৫), হরিপদ দাস (৬০), উত্তম রঞ্জন দাস (৩৫), সুব্রত দাস (৩৫), চন্দ্র মানিক দাস (৬০) ও আলী নূর (১৬)। দিরাই থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বিকেলে ঘাগটিয়া গ্রামের স্বপন মিয়া মজলিসপুর গ্রামের কুমুদ রঞ্জনের দোকানের সামনে দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় কুমুদ তার দোকানের ব্যবহৃত নোংড়া পানি ছুড়ে ফেলতে গেলে তা স্বপনের শরীরে পড়ে। এ নিয়ে দু'জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে বিকেল সাড়ে ৪টার দিকে ঘাগটিয়া ও মজলিসপুর গ্রামের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টা ব্যাপী এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/'১৮১০ঘ.