রিয়াজুল বাশার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের সম মূলধন ও উদ্যোক্তা তহবিল (ইইএফ) থেকে প্রায় ৭০০ টি প্রকল্পে অর্থায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
এরমধ্যে গত জানুয়ারি থেকে ১৮৩ টি প্রকল্পে অর্থায়নের অনুমোদন দেওয়া হয়েছে এবং আরও ৫০০টি প্রকল্পে অর্থায়নের অনুমোদন দেওয়া হবে।
ইইএফের পরিচালানা ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মহাব্যবস্থাপক মো. ইফতিখার-উজ-জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
ইইএফ গঠনের পর গত ১০ বছরে ২৫৯টি প্রকল্পে অর্থায়ন করা হয়েছে।
ইফতিখার-উজ-জামান বলেন, "গত জানুয়ারি থেকে ১৮৩ টি প্রকল্পে অর্থায়নের অনুমোদন দেওয়া হয়েছে এবং আরও ৫০০টি প্রকল্পে অর্থায়নের বিষয়টি অনুমোদনের পর্যায়ে রয়েছে।"
ইইএফ থেকে অর্থ নেওয়ার জন্য প্রায় এক হাজার প্রতিষ্ঠান প্রস্তাব জমা দিয়েছে জানিয়ে তিনি বলেন, "এক হাজার প্রকল্পে অর্থায়নের জন্য প্রায় ৩ হাজার কোটি টাকা লাগবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অর্থের কোনো সমস্যা হবে না।"
প্রকল্পগুলোর মধ্যে সিংগভাগই হচ্ছে কৃষি, মৎস, কৃষি প্রক্রিয়াজাত ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রকল্প। বাকীগুলো তথ্য প্রযুক্তি খাতের।
কৃষি, মৎস, কৃষি প্রক্রিয়াজাত, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও তথ্যপ্রযুক্তিখাতে ঝুঁকিপূর্ণ কিন্তু প্রতিশ্র"তিশীল প্রকল্পে বিনিয়োগকারীদের আর্থিক সহায়তার জন্য ২০০০ সালের ডিসেম্বরে ইইএফ গঠন করা হয়। তখন এর পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্ব বাংলাদেশ ব্যাংককে দেয় সরকার।
২০০৯ সালের জুনে ইইএফের ব্যবস্থাপনার দায়িত্ব আইসিবির কাছে হস্তান্তর করে বাংলাদেশ ব্যাংক। তখন পর্যন্ত ২৫১টি প্রকল্পে ৫০৮ কোটি টাকা বিতরণ করা হয়েছিল। এরমধ্যে ২১৭টি কৃষি, মৎস, কৃষি প্রক্রিয়াজাত ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রকল্প এবং ৩৪টি তথ্যপ্রযুক্তি প্রকল্প।
আইসিবি দায়িত্ব নেওয়ার পর নতুন করে ৮টি প্রকল্পে ৪ কোটি ৪২ লাখ ১৯ হাজার টাকা অর্থায়ন করেছে। এরমধ্যে ৬টি কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রকল্প এবং ২টি তথ্য প্রযুক্তিখাতের।
ইফতিখার-উজ-জামান বলেন, "এ তহবিলের অর্থায়ন যাতে সঠিকভাবে হয় সে জন্য যাচাই বাছাইয়ের ক্ষেত্রে আমরা অনেক সময় নিয়েছি।"
তিনি জানান, বাংলাদেশ ব্যাংক যখন আইসিবির কাছে ইইএফের ব্যবস্থাপনার দায়িত্ব হস্তান্তর করে তখন ৩ হাজার ১৫০টি আবেদন জমা ছিল। এরমধ্যে ৩ হাজার আবেদন ছিল কৃষি, মৎস, কৃষি প্রক্রিয়াজাত ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রকল্পের জন্য এবং ১৫০টি ছিল তথ্য প্রযুক্তির জন্য।
৩ হাজারের মধ্য থেকে ২ হাজার এবং ১৫০ টির মধ্য থেকে ৪৪ টি আবেদন নিয়ে সংক্ষিপ্ত তালিকা করা হয় বলে জানান তিনি।
অর্থায়নের অনুমোদন দেওয়া ১৮৩ টি প্রকল্পের মধ্যে ১৬টি তথ্য প্রযুক্তিখাতের। এসব প্রকল্পের প্রতিটিতে ২ থেকে ১০ কোটি টাকা পর্যন্ত অর্থায়ন করা হবে বলে জানান ইফতিখার-উজ-জামান।
অনুমোদন দেওয়া প্রকল্পগুলোতে অর্থায়ন শুরু হয়েছে কী না জানতে চাওয়া হলে তিনি বলেন, "ইতোমধ্যে ৮ টা প্রতিষ্ঠান অর্থ নিয়েছে। অনেক উদ্যোক্তা ৫১ শতাংশ বিনিয়োগ সম্পন্ন করেনি এবং প্রকল্পের জমি প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত হয়নি। এগুলো সম্পন্ন হলেই অর্থায়ন করা হচ্ছে।"
উদ্যোক্তা ৫১ শতাংশ বিনিয়োগ করলে ইইএফ থেকে ৪৯ শতাংশ আর্থিক সহায়তা দেওয়া হয়। সর্বনিম্ন ২০ লাখ টাকার প্রকল্পের জন্য এ তহবিল থেকে অর্থায়ন করা হয়।
নির্দিষ্ট শর্ত সাপেক্ষে প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য ইইএফ থেকে উদ্যোক্তারা অর্থ নিতে পারেন। সর্বোচ্চ ৮ বছর মেয়াদে এ অর্থ পরিশোধযোগ্য।
ইইএফের অর্থায়নে ময়মনসিংহের ভালুকায় কুমির প্রকল্প, পাবনার সাথিয়ায় গরু মোটা তাজাকরণসহ বিভিন্ন নতুন প্রকল্প হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/কেএমএস/১৬২২ ঘ.
bdnews24