পটুয়াখালী, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের ছুটিতে অন্যান্য পর্যটন কেন্দ্রের মতো কুয়াকাটা সমুদ্র সৈকতে মানুষের উপচে পড়া ভীড়। কুয়াকাটা যেন সৌন্দর্য পিপাষুদের তীর্থভূমিতে পরিণত হয়েছে।
শিশুদের ছুটাছুটি আর কিশোরদের দুরন্তপনা কুয়াকাটা সৈকতে আগত পর্যটকদের আনন্দ আরো বাড়িয়ে দিয়েছে।
ঈদের পরদিন থেকেই কুয়াকাটার হোটেল মোটেলগুলো পর্যটকে পূর্ণ। পর্যটকের পদভারে মুখর কুয়াকাটা সৈকত জুড়ে যেন এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।
কুয়াকাটা প্রেসক্লাবের সদস্য আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদ, কোরবানী, পূজা এবং বিভিন্ন পার্বনের ছুটিতে কুয়াকাটায় পর্যটকদের ভীড় থাকে। এতে স্থানীয়দের আনন্দ আরো বেড়ে যায়।
টিএন্ডটি গেস্ট হাউসের ইনচার্জ মোখলেসুর রহমান জানান, রমজানের এক মাস পর্যটক থাকে না। তাই পর্যটকদের আগমনে স্থাণীয় ব্যবসায়ীরা খুশি। ঈদের আগেই কুয়াকাটার ব্যবসায়ীরা পর্যটকদের বরন করতে আগাম প্রস্তুতি নিয়েছে।
তিনি জানান, ঈদের এক সপ্তাহ আগেই হোটেল-মোটেলগুলোর সিট বুকিং হয়ে গেছে।
কুয়াকাটা রাখাইন মার্কেটের ব্যবসায়ী উচু মাতবর জানান, ঈদের দিন থেকেই তাদের বিক্রি অনেক ভালো।
আগামী এক সপ্তাহ এমন চাঙ্গা ভাব থাকবে বলে তিনি আশা করছেন।
ঢাকা থেকে আসা ব্যবসায়ী মাহবুব আলম বলেন, সারা বছর ব্যবসার কারণে বের হতে পারেন না। তাই ঈদে তিনি পরিবারসহ বেড়াতে এসেছেন এ সৈকতে। কুয়াকাটা সৈকতের প্রাকৃতিক দৃশ্য দেখে তার পরিবারের সবাই খুব খুিশ।
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রোগ্রাম অফিসার আনোয়ার হোসেন বলেন, এবারই প্রথম নতুন বৌ নিয়ে ঈদের পরদিন কুয়াকাটা এসেছেন। আরো দুইদিন থাকবেন।
তিনি বলেন, সৈকতের প্রাকৃতিক দৃশ্যে তিনি বিমোহিত।
তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস কুয়াকাটার প্রাকৃতিক দুশ্য দারুন উপভোগ করছেন।
ক্ষোভের সঙ্গে তিনি বলেন, অনেক আগে থেকে কুয়াকাটার নাম শুনে আসছি। কিন্তু প্রথম এসে আনন্দের সঙ্গে ভোগান্তিরও শিকার হলেন।
জান্নাতুল ফেরদৌস বলেন, রাস্তাঘাট ও ঘনঘন ফেরি তাকে হতাশ করেছে। তিনি দ্রুত কুয়াকাটা মহাসড়কের উন্নয়ন ও তিনটি ব্রীজ নির্মাণের দাবি জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/১৬৩০ঘ.
bdnews24