কুষ্টিয়া, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সোমবার দুপুরে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ চারজন ঘটনাস্থলেই নিহত ও অন্তত বিশজন আহত হয়েছে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বাসের যাত্রী বিমান বাহিনীর সার্জেন্ট আশরাফুল ইসলাম (৪৮) ও বাসের হেলপার উজ্জ্বল আলী (৩০)।
বাকি দুইজনের মধ্যে একটি শিশু বলে জানিয়েছেন কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) সৈয়দ মোস্তফা কামাল।
আহতদের ভেড়ামারা ও দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এএসপি সৈয়দ মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাসটি কুষ্টিয়া শহর থেকে দৌলতপুর উপজেলার প্রাগপুরে যাচ্ছিলো। দুপুর সোয়া একটার দিকে ভেড়ামারা-প্রাগপুর সড়কের মহিষাডোড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর বাসটি উল্টে যায়।
ভেড়ামারা থানার ওসি সরওয়ার হোসেন বলেন, "ময়না তদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৫০৪ ঘ.
bdnews24