২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ন্যায়পাল রহিতকরন আইনের খসড়া অনুমোদন

২০০৫ সালে প্রণীত কর ন্যায়পাল আইন বাতিল করতে 'কর ন্যায়পাল (রহিতকরণ) আইন, ২০১০' মন্ত্রিসভা অনুমোদন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2010, 07:40 AM

Updated : 25 Aug 2022, 06:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৫ সালে প্রণীত কর ন্যায়পাল আইন বাতিল করতে 'কর ন্যায়পাল (রহিতকরণ) আইন, ২০১০' মন্ত্রিসভা অনুমোদন করেছে। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে মন্ত্রিসভার সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা উপস্থিত ছিলেন। বৈঠকে নিট ও ওভেন গার্মেন্টস শিল্প পণ্যের রপ্তানীকারকরদের রপ্তানী মূল্য থেকে উৎসে কর দশমিক ১ শতাংশ কমিয়ে দশমিক ৪ শতাংশ করার প্রস্তাবও অনুমোদন করা হয়। এ বছরের বাজেটে এ উৎসে কর দশমিক ২৫ থেকে বাড়িয়ে দশমিক ৫ করা হয়েছিল। বিজিএমইএ'র আবেদনের প্রেক্ষিতে মন্ত্রিসভায় এ প্রস্তাবটি উপস্থাপন করা হয়। কর ন্যায়পাল আইন বাতিল প্রসঙ্গে আবুল কালাম আজাদ জানান, ২০০৫ সালের ৯ জুলাই তৎকালীন সরকার এ আইনটি প্রণয়ন করে। এর প্রেক্ষিতে একজনকে কর ন্যায়পাল নিয়োগ এবং তার অধীনে ৪৪ জন কর্মকর্তা-কর্মচারী দেওয়া হয়। তবে নিযুক্ত কর ন্যায়পাল ইতোমধ্যেই অবসর গ্রহণ করেছেন। তিনি জানান, কর ন্যায়পাল অফিসটির তেমন কোন কাজ ছিল না। তারা কোন কাজও করতো না। একইসঙ্গে আইনটি শুল্ক আইন ও মূল্য সংযোজন কর (মূসক) আইনের সঙ্গে সাংঘর্ষিক। তাই আইনটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ অনুমোদনের মাধ্যমে আইনটির কার্যকারিতা বিলুপ্ত হলো। আবুল কালাম আজাদ বলেন, "এ আইনটি বাতিল করার কারণে এখন থেকেই কর ন্যায়পাল কার্যালয়টি আর থাকবে না। ফলে এতে কর্মরত ৪৪ জন কর্মীর মধ্যে প্রেষণে থাকা প্রত্যেকেই নিজ নিজ দপ্তরে ফিরে যাবেন। কর ন্যায়পাল অফিসের জন্য সরাসরি নিয়োগ পাওয়া ২২ জনও 'যেখান থেকে এসেছেন, সেখানেই ফিরে যাবেন।" তিনি জানান, কর ন্যায়পাল কার্যালয়ের মাধ্যমে নিষ্পত্তিযোগ্য বিষয়গুলো বিকল্প ব্যবস্থায় নিষ্পত্তির জন্য আপিল কোর্ট এবং 'বিকল্প বিরোধ নিষ্পত্তি' ব্যবস্থা চালু করা হবে। এছাড়াও মন্ত্রিসভার বৈঠকে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গত ৩ ও ৪ আগস্ট অনুষ্ঠিত বিশেষ সভায় যোগদান সংক্রান্ত পররাষ্ট্র মন্ত্রী দীপু মনির একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৪২৫ ঘ.