২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ট্রলারডুবি, ৩ পর্যটক নিখোঁজ

বাগেরহাটের মংলা নদীতে সোমবার সকালে পর্যটকবাহী একটি ট্রলার ডুবে তিন পর্যটক জন নিখোঁজ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2010, 07:23 AM

Updated : 25 Aug 2022, 06:37 PM

বাগেরহাট, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মংলা নদীতে সোমবার সকালে পর্যটকবাহী একটি ট্রলার ডুবে তিন পর্যটক জন নিখোঁজ হয়েছে। সুন্দরবন ভ্রমণে আসা ৫৪ জন পর্যটক নিয়ে ট্রলারটি স্রোতের তোড়ে উল্টে গিয়ে ডুবে যায়। তিনজন ছাড়া এর সব আরোহী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমাণ্ডার লোকমান হাকিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের উদ্দেশ্যে সকাল সাড়ে ৮টার দিকে মংলা বন্দরের ট্রলার ঘাট জেটি থেকে ট্রলারটি যাত্রা শুরু করে। প্রায় একশ' গজ দূরে যাওয়ার পর প্রবল স্রোতে সেটি উল্টে যায়। নিখোঁজদের সন্ধানে মংলা থানা পুলিশ, নৌ-বাহিনী ও কোস্টগার্ডের ডুবুরী দল অভিযান চালাচ্ছে। তবে দুপুর ১২টা পর্যন্ত তাদের সন্ধান মেলেনি। নিখোঁজ তিন জন হলেন- মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা শেখপাড়ার রফিকুল ইসলামের ছেলে মাশিদুল ইসলাম (১৯), একই ইউনিয়নের গোপালপুর গ্রামের মোহম্মদ আলীর ছেলে শামীম (১৮) এবং মেহেরপুর পৌরসভা এলাকার মোক্তার হাজীর ছেলে মোহন (১৪)। পর্যটক দলের সদস্য মো. মাসুম আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মোবাইল টেলিফোনে জানান, মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা ও গোপালপুর গ্রাম থেকে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে ৫৪ জন পর্যটক বাসযোগে সোমবার ভোরে মংলায় আসে। মংলা থানার উপ-পরিদর্শক শওকত হোসেন জানান, পর্যটক দলটি মংলা ট্রলারঘাট থেকে টাইগার জলিল নামের এক ব্যক্তির ইঞ্জিন চালিত ট্রলার ভাড়া করে। ট্রলারটি চালাচ্ছিলো আল আমিন ও রুবেল নামে দুই যুবক। দুর্ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১৩২৩ ঘ.