ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে ঝুলে থাকা ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন আগামী ডিসেম্বরেই করতে চায় নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডিসেম্বরের মধ্যে আমরা ডিসিসি'র নির্বাচন করতে বদ্ধপরিকর।"
সীমানা পুননির্ধারণ জটিলতা হওয়ায় এ নির্বাচন অনুষ্ঠানে অনেক দেরি হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।
সাখাওয়াত বলেন, "মেয়াদোত্তীর্ণ ৫ সিটি করপোরেশনের নির্বাচন শেষ করা হয়েছে। সবচেয়ে বেশি বছর ধরে মেয়াদোত্তীর্ণ বড় সিটি করপোরেশন ডিসিসি'র নির্বাচনটাই করা হল না। এ নির্বাচন না করে পৌরসভা ও ইউনিয়ন পরিষদে হাত দিতে পারছি না আমরা।"
সীমানা পুননির্ধারণ প্রক্রিয়া নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দীর্ঘসূত্রিতায় ক্ষুব্ধ ইসি।
গত এপ্রিল মাসেই সিইজিআইএস পদ্ধতিতে ডিসিসি'র ওয়ার্ডের সীমানা পুননির্ধারণের কথা ছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। ইসির অনুরোধ সত্ত্বেও এ কাজ এগোয় নি।
সাখাওয়াত বলেন, "স্থানীয় সরকার মন্ত্রণালয় এ বিষয়ে আমাদের কিছুই জানাচ্ছে না। ঈদের পরে না জানালে ইসি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।"
অপর নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন জানান, সীমানা নিয়ে পৌরসভা আইনে সংশোধন আনতে মন্ত্রিসভা ৬ সেপ্টেম্বর নীতিগত অনুমোদন দিয়েছে। একইভাবে এ বিষয়ে সিটি করপোরেশন আইনেও সংশোধনী আনতে হবে।
"সংসদের আগামী অধিবেশনে সংশোধিত আইন পাস হলেই নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নেবো আমরা," বলেন তিনি।
ইসির কর্মকর্তারা জানান, ডিসিসির তিনটি ওয়ার্ডে ই-ভোটিংয়ের প্রস্তুতি নিতেও নির্দেশনা দেওয়া হয়। গত ২ আগস্ট ইসি সচিবালয়ের উপ সচিব সৈয়দ খুরশিদ আনোয়ার এক চিঠিতে তিন মাসের মধ্যেই ইভিএম তৈরি করে নির্বাচন উপযোগী করার জন্য আইআইসিটি পরিচালক লুৎফুল কবীরকে জানান।
ওই চিঠিতে 'অক্টোবরের শেষে ডিসিসি নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা' নিয়ে প্রস্তুতি নেওয়ার কথা জানান আইআইসিটি পরিচালক।
বিলম্বের জন্য যত জটিলতা
ঢাকা সিটি কর্পোরেশনে সর্বশেষ নির্বাচন হয় ২০০২ সালের ২৪ এপ্রিল, যা মেয়াদোত্তীর্ণ হয় ২০০৭ সালের ১৪ মে।
মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৬০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা থাকলেও গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ভোটার তালিকা না থাকায় ডিসিসি নির্বাচন করা যায় নি।
এসময় সবার আগে জাতীয় নির্বাচন করার বিষয়ে ইসি'র সাংবিধানিক বাধ্যবাধকতাও ছিল।
অবশ্য ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের পর পরীক্ষামূলকভাবে বরিশাল, রাজশাহী, খুলনা ও সিলেট সিটি করপোরেশনসহ ৯ পৌরসভার নির্বাচন করে ইসি ২০০৮ সালের ৪ আগস্ট।
এরপর একই বছরের ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ ও ২০০৯ সালের ২২ জানুয়ারি উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করা হয়।
ইসির কর্মকর্তারা জানান, জাতীয় সংসদ নির্বাচন করায় ইসির একক সিদ্ধান্ত নেয়। তবে স্থানীয় সরকারের নির্বাচনগুলো মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতেই করে থাকে ইসি।
নবম সংসদের প্রথম অধিবেশনে স্থানীয় সরকার, সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ আইন পাস হলেও স্থানীয় সরকারের এসব নির্বাচনের উদ্যোগ নেয় ইসি।
তবে প্রয়োজনীয় নির্বাচন বিধি ও আচরণ বিধি প্রণয়নে বিলম্বে এ বছরও ঝুলে থাকে ডিসিসি নির্বাচন।
গত বছরের শুরুতে ডিসিসি নির্বাচনের বিষয়ে উদ্যোগী হলেও তা করতে পারেনি। পরে চলতি বছর ফেব্র"য়ারিতে নির্বাচনী তফসিল ঘোষনার জন্য প্রস্তুতি নিলে এক ভোটার সীমানা পুননির্ধারণ চেয়ে আদালতে রিট করেন।
এসময় আদালত সীমানা পুননির্ধারণ না করায় তফসিল ঘোষণা স্থগিত করে। সর্বশেষ গত ৬ এপ্রিলে নির্বাচন কমিশন সিইজিআইএস পদ্ধতিতে সীমানা পুননির্ধারণের জন্য তাগাদা দেয় মন্ত্রণালয়কে।
কাজটি করায় অবশেষে 'প্রতিটি ওয়ার্ডের জনসংখ্যার তারতম্য ১০ শতাংশের কম-বেশি হবে না'-আইনের এই অংশবিশেষ বিলুপ্ত করে সংশোধনের কথা জানায় ইসি।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ও এতে সম্মতি দেওয়ায় এবার নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম হলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কেএমএস/১৩৪১ ঘ.
bdnews24