ঢাকা, সেপ্টেম্বর ১১ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারিবারিক কলহের জেরে ঢাকার দোহারে শনিবার সকালে স্ত্রীকে খুন করে স্বামী আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আল আমীন বাজার এলাকার এক বাসা থেকে রুমা বেগমের (২৫) এবং দোহার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার স্বামী মো. সজ্জলের লাশ উদ্ধার করে।
দোহার থানার ওসি শেখ বশির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আল আমীন বাজার সংলগ্ন জাহাঙ্গীর হোসেনের বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন রুমা বেগম। সকাল ৯টার দিকে সজ্জল ওই বাসায় গিয়ে রুমা বেগমকে ডেকে নেন।
রুমা বেরিয়ে আসা মাত্রই সজ্জল তার ওপর উপর্যুপরি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই রুমার মৃত্যু হয়। এরপর সজ্জল বাইরে এসে শুভ ডেকোরেটরের সামনে দাঁড়িয়ে একই ছুরি দিয়ে নিজের পেটসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে বলে ওসি জানান।
স্থানীয় লোকজন সজ্জলকে উদ্ধার করে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি শেখ বশির আহমেদ জানান, প্রায় এক বছর আগে ফরিদপুরের মান্নান বিশ্বাসের মেয়ে রুমার সঙ্গে একই জেলার সজ্জলের বিয়ে হয়। সজ্জল রিকশাচালক ছিল। আর্থিক অনটনের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগে থাকতো। বিয়ের ছয় মাস না জেতেই রুমা তালাক দেয় সজ্জলকে।
এসব সমস্যার কারণেই এই হত্যা ও আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে পুলিশ কর্মকর্তার ধারণা।
সজ্জলের মুখ থেকে অ্যালকোহলের গন্ধ পাওয়া যায় বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এইচএ/২১০০ ঘ.
bdnews24