লিটন হায়দার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদে বাড়ির কারো আনন্দ ম্লান করতে চান না সত্তরোর্ধ প্রবীণ নূরুল আনোয়ার। তাই বাড়ি ছেড়ে চলে এসেছেন রাজধানীর আগারগাঁওয়ের প্রবীণ হিতৈষী সংঘে। এ যেন স্বেচ্ছা-নির্বাসন।
বয়স ৭৬ এর কাছাকাছি। ডায়াবেটিসসহ বৃদ্ধ বয়সের নানারোগে আক্রান্ত। কিন্তু মনের জোর তার এখনো বেশ আছে।
ঈদের দিন কলাবাগানের বাড়িতে যাবেন কি না জানতে চাইলে কিছুক্ষণ সময় নিয়ে তিনি উত্তর দেন, "আমি বৃদ্ধ মানুষ। বাসায় গিয়ে কেন কারো আনন্দ মাটি করব।"
বলা হলো- বাসা তো আপনার, আপনার স্ত্রী ও এক মেয়ে বাসায় আছেন। তাদের সঙ্গে ঈদ উদযাপন করবেন।
এর জবাবে নূরুল আনোয়ার বললেন, "আমি আধুনিক মানুষ। সবার স্বাধীনতা আছে। আমি বাসায় গিয়ে তাদের স্বাধীনতা ক্ষুন্ন করতে চাই না।"
তার সঙ্গে এই প্রতিবেদকের কথা হয় বৃহস্পতিবার দুপুরে সংঘের চতুর্থ তলার বারান্দায়। পাশাপাশি চেয়ারে বসে একান্ত আলাপচারিতায় কথাগুলো জোর দিয়ে বললেও মাঝেমধ্যেই দীর্ঘশ্বাস ফেলছিলেন এই বৃদ্ধ।
ঢাকার কলাবাগানে তার নিজ বাড়ি। তিন মেয়ের জনক নূরুল আনোয়ার ঠিকাদারী ব্যবসা করতেন। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। এদের একজন থাকেন যুক্তরাষ্ট্রে।
এক মাস ধরে প্রবীণ হিতৈষী সংঘে আছেন নূরুল আনোয়ার।
এখানে থাকতে হলে মাসে কত টাকা লাগে, ভর্তি হতেই কত দিতে হয়েছে কিছুই তিনি জানেন না। বাসার লোকজনই দিয়ে যায়। এর হিসাব তিনি রাখেন না।
নূরুল আনোয়ার গর্বের সঙ্গে জানালেন, যুক্তরাষ্ট্রে তার যে মেয়ে থাকেন তিনি তার সব খরচ চালান। বুয়েট থেকে পাস করা এই মেয়ে যুক্তরাষ্ট্রে একটি বড় প্রতিষ্ঠানে চাকরি করেন। অনেক বেতন পান। তিনিই মূলত তার খোঁজখবর রাখেন। তবে অন্য সন্তানরাও তাকে দিনে একবার হলেও ফোন করেন।
অবশ্য ঈদের দিন এক ফাঁকে কলাবাগানের বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে তার। কিন্তু তিনি নিজেও জানেন না, এই ইচ্ছা পূরণ হবে কি না।
এরপরই ক্ষোভের সুরে বললেন, "জানেন বৃদ্ধ মানে অন্যের কাছে ঝামেলা-ঝামেলা।"
তিনি আঙুল উঁচিয়ে পাশে এক বৃদ্ধকে দেখিয়ে বললেন, ওর অবস্থা আরো করুণ।
এখানে থাকতে তার কোনো অসুবিধা হচ্ছে না বলে জানালেন তিনি।
নূরুল আনোয়ারের সঙ্গে কথা বলার আগে সংঘের কমন রুমে গিয়ে দেখা যায় এক বৃদ্ধ খুব মনোযোগ দিয়ে পেপার পড়ছেন। অন্যজন টিভি দেখছেন। যিনি পেপার পড়ছেন তার পাশে গিয়ে পরিচয় দিতেই ক্ষিপ্ত হয়ে উঠলেন তিনি।
পকেট থেকে একটি বিজনেস কার্ড বের করে দিলে তিনি হাতে নিয়ে খুব মনোযোগের সঙ্গে দেখলেন। পরক্ষণেই উত্তেজিত হয়ে বলেন, "আমি আপনার সঙ্গে কথা বলতে চাই না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/ডিডি/এইচএ/১২১০ ঘ.
bdnews24