২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরের সঙ্গে ট্রেন চলাচল শুরু

রেল পুলিশ ও যাত্রীদের মধ্যে সংঘর্ষের কারণে রংপুর-দিনাজপুর ও রংপুর-লালমনিরহাট লাইনে সাড়ে তিনঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2010, 03:39 PM

Updated : 25 Aug 2022, 06:36 PM

রংপুর, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেল পুলিশ ও যাত্রীদের মধ্যে সংঘর্ষের কারণে রংপুর-দিনাজপুর ও রংপুর-লালমনিরহাট লাইনে সাড়ে তিনঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু হয়েছে। (আরো তথ্যসহ) শুক্রবার সকাল রংপুরের বদরগঞ্জ স্টেশনে চলন্ত ট্রেন থেকে রেল পুলিশ এক মহিলা যাত্রীকে ফেলে দিলে যাত্রীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরে ট্রেনটি শ্যামপুর স্টেশনে এলে পুলিশ ও যাত্রীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সকাল ৯টার দিকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করলে দুপুর পৌনে ১টা থেকে চলাচল স্বভাবিক হয় বলে জানান শ্যামপুর স্টেশন মাস্টার নজরুল ইসলাম। প্রত্যক্ষদর্শী যাত্রীদের অভিযোগ, সকালে দিনাজপুর থেকে সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন রংপুরের বদরগঞ্জ স্টেশনে থামলে জমিলা খাতুন (৫০) নামের এক মহিলা ট্রেনে ওঠেন। এ সময় রেল পুলিশ তার কাছে পাঁচ টাকা দাবি করে। তিনি দুই টাকা দিলে পুলিশের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পর ট্রেনটি স্টেশন ছাড়ার সময় পুলিশ মহিলা যাত্রীটিকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে ট্রেনের নিচে পড়ে তার একটি হাত কাটা পড়ে। এ ঘটনায় ট্রেনের অন্য যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। এরপর ট্রেনটি সকাল সাড়ে ৭টায় শ্যামপুর স্টেশনে থামলে যাত্রীরা বিক্ষোভ শুরু করে। রেল পুলিশ বাধা দিলে যাত্রীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে ২৫ যাত্রী আহত হয়। যাত্রীদের আরো বিক্ষুব্ধ হয়ে উঠলে তিন পুলিশ স্টেশন মাস্টারের কক্ষে আশ্রয় নেয়। এ ঘটনায় শ্যামপুর স্টেশনে দোলনচাঁপা এক্সপ্রেসসহ দু'টি ট্রেন আটকা পড়ে। এদিকে রেল পুলিশ মহিলা যাত্রীকে ট্রেন থেকে ফেলে দেওয়ার কথা অস্বীকার করেছে। বদরগজ্ঞ থানার ওসি তবারক আলী জানান, রংপুর রেল স্টেশনে অবস্থিত রেল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল মান্নান বলেন, ট্রেনে উঠতে গিয়ে প্রচণ্ড ভিড়ের কারণে জমিলা খাতুন পিছলে পড়ে যান। জনতার ধাওয়া খেয়ে স্টেশন মাস্টারের কক্ষে আশ্রয় নেওয়া তিন পুলিশকে আহত অবস্থায় উদ্ধার করে রংপুর পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জমিলার বাড়ি বদরগঞ্জ উপজেলা সদরের মুন্সিপাড়া গ্রামে। গুরুতর আহত অবস্থায় তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডা. আব্দুল আজিজ জানান, জমিলা খাতুনের অবস্থা এখনো সঙ্কটাপন্ন। তার ডান হাতটি কেটে ফেলা হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/ডিডি/২১২৬ ঘ.