২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ উপলক্ষে চট্টগ্রামে ১৩ বন্দি মুক্ত

ঈদ উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ১৩ জন বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১২ টায় তাদেরকে একসঙ্গে মুক্তি দেয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2010, 11:19 AM

Updated : 25 Aug 2022, 06:36 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ১৩ জন বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১২ টায় তাদেরকে একসঙ্গে মুক্তি দেয়া হয়। মুক্তি প্রাপ্তদের মধ্যে ১১ জন পুরুষ ও ২ জন মহিলা। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ রফিকুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চুরি ও মাদকদ্রব্য বিক্রিসহ বিভিন্ন লঘু অপরাধে সাজা প্রাপ্তদের মধ্য থেকে বাছাইকৃতদের মুক্তি দেয়া হয়েছে। এ জন্য গঠিত জেলা বন্দি মুক্তি কমিটি ১৬ জনের নাম প্রস্তাব করেছিল জানিয়ে রফিকুল কাদের বলেন, "রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ কায়কোবাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে প্রস্তাবিত ১৬ জনের মধ্যে ১৩ জনকে মুক্তির নির্দেশ দেওয়া হয়।" মুক্তি প্রাপ্তরা হলেন ওমর আলী (৬০), আবু বকর (৩৮), আইয়ুব আলী (২৫), কাজল সর্দার (৪০), মন্টু মিয়া (৪৫), আবদুল অদুদ (৬০), আবদুস শুক্কুর (২৬), নুরুল আমিন (৩০), সাইফুল ইসলাম (২২), সিরাজুল ইসলাম (৪৫), বাদশা মিয়া (২৭), নাছিমা আকতার (২৫) ও আছিয়া খাতুন (৫০)। মুক্তিপ্রাপ্ত বন্দি সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাট বোনের বিয়ের টাকা জোগাড়ের জন্য রিকশা চালানো ছেড়ে গাজা বিক্রি শুরু করি। সরকার দুই মাস সাজা মাফ করেছে। আর এই কাজ করব না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/কেএমএস/১৬১৩ ঘ.