মঞ্জুর আহমদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
সিলেট, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "লন্ডনের ঈদ ও দেশের ঈদের মধ্যে তফাৎ অনেক। মা-বাবা ভাইবোন ও প্রিয়জনকে ছাড়া প্রবাসের ঈদ পানসে মনে হয়। তাই নাড়ির টানেই দেশে ছুটে এসেছি।"
কথাগুলো বললেন যুক্তরাজ্য প্রবাসী সিলেটের বালাগঞ্জ উপজেলার দয়ামীর গ্রামের হেলাল আহমদ। স্ত্রীসহ তিনি দেশে এসেছেন ঈদ করতে। থাকেন ইংল্যাডের ব্রাডফোর্ড শহরে।
শুধু হেলাল আহমদই নন, প্রিয়জনের সঙ্গে ঈদ-আনন্দ উপভোগ করতে এবার উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী সিলেটে এসেছেন।
ফলে প্রবাসী পরিবারগুলোয় যোগ হয়েছে ভিন্ন আমেজ।
সিলেট ওভারসীজ সেন্টারের নির্বাহী কর্মকর্তা শামসুল আলম জানান, সিলেট বিভাগের চার জেলা-সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের কয়েক লাখ লোক বিশ্বের বিভিন্ন দেশে বাস করেন। এর মধ্যে প্রায় সাড়ে পাঁচ লাখ অভিবাসী হয়েছেন যুক্তরাজ্যে। আর মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্যান্য দেশে রয়েছেন প্রায় ২০ লাখ।
প্রতিবছর যুক্তরাজ্যসহ বিশ্বের অন্য দেশগুলোতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীরা ঈদ উদযাপন করতে দেশে আসেন। তবে এবার অন্যান্য বছরের তুলনায় এ সংখ্যা বেশি।
পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে গত ২/৩ বছর ঈদ মওসুমে প্রবাসীদের দেশে আসা-যাওয়া কিছুটা কমে গিয়েছিল। ওয়ান-ইলেভেনের পর নতুন সরকার ক্ষমতাসীন হওয়ায় এবার অনেক প্রবাসী ঈদ করতে দেশে এসেছেন।
যুক্তরাজ্যের নর্থ হ্যামসন শহরের বাসিন্দা বিশ্বনাথ উপজেলার পশ্চিম শ্বাসরাম গ্রামের বশির আহমদ জানান, যুক্তরাজ্যে জুলাইয়ে গ্রীষ্মের ছুটি শুরু হয়। পুরো অগাস্ট পর্যন্ত ছুটি থাকে। এ ছুটি উপভোগ করতে অনেকেই ছুটে এসেছেন দেশের বাড়িতে, যা সিলেটের ঈদ আনন্দে ভিন্ন মাত্রা যোগ করেছে।
সিলেট ওভারসীজ সেন্টারের নির্বাহী কর্মকর্তা জানান, যুক্তরাজ্য থেকে ঠিক কত সংখ্যক প্রবাসী বাংলাদেশী ঈদ করতে দেশে এসেছেন তার সঠিক পরিসংখ্যান নেই। তবে যুক্তরাজ্যে গ্রীষ্মকালীন ছুটি থাকায় এবার অনেকই দেশে এসেছেন বলে জানান তিনি।
লেস্টার শহরের বাসিন্দা দক্ষিণ সুরমা উপজেলার টিলা মুহাম্মদপুর গ্রামের সিরাজ মিয়া দুই বছর পর ছেলে-মেয়ে ও তার মাকে নিয়ে দেশে ঈদ করতে এসেছেন।
তিনি বলেন, "আত্মীয় স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করতেই দেশে এসেছি। লন্ডনে ঈদের জামায়াতে লোকসমাগম কম হয়। সে তুলনায় দেশে মানুষের মিলনমেলা বসে। সবার সঙ্গে দেখা সাক্ষাত, কুশল বিনিময় হয়- এ অনুভুতিটাই আলাদা।"
যুক্তরাজ্যের রস্টেল শহরের বাসিন্দা বিশ্বনাথ উপজেলার সরওয়ালা গ্রামের তরুণ প্রবাসী মুস্তফা হাসান খান পাপলু জানান, "প্রতি দুই বছর পরপর দেশে ঈদ করতে আসি। লন্ডনে ঈদের পুরো আনন্দটা পাওয়া যায় না। দেশে ঈদ উদযাপনে আলাদা 'তৃপ্তি' পাওয়া যায়।"
বালাগঞ্জ উপজেলার রাইকদাড়া গ্রামের বাসিন্দা আনোয়ার মিয়া জানান, প্রায় ১১ বছর পর তিনি এবার দেশে ঈদ করছেন। প্রিয়জনকে কাছে পেয়ে তার খুব লাগছে। এর আনন্দই আলাদা। তিনি জানান, বাংলাদেশে ঈদ করলে নাড়ির অনুভূতি মেলে। এ অনুভূতি আর কোথাও মেলে না। ঈদের সময় আত
bdnews24