বগুড়া, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার গাবতলীতে দলীয় কোন্দলের জের ধরে পৌর যুবলীগ সভাপতিকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে গাবতলী উপজেলা সদরে প্রতিপক্ষ গ্র"পের রামদা'র কোপে নিহত গাবতলী পৌর যুবলীগ সভাপতির নাম তরিকুল ইসলাম তারেক। তিনি গাবতলী উপজেলার পাইকার পাড়ার মফিজ উদ্দিন পাইকারের ছেলে।
গাবতলী থানার ওসি মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যুবলীগকর্মী সুমনসহ আরো দু'জন মিলে তরিকুল ইসলাম তারেককে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে। তারেক ও সুমন একসঙ্গে চলাফেরা করতেন। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তারেক খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর আড়াইটার দিকে তারেক সোনালী ব্যাংক গাবতলী শাখা থেকে টাকা তুলে তার মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন। এসময় আগে 'সন্ত্রাসীরা' তার পথ রোধ করে চাইনিজ কুড়াল ও রাম দা দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
এই ঘটনার পর বিক্ষুদ্ধ যুবলীগ কর্মীরা গ্রামীণ ব্যাংক ও একটি পাটের গুদামে আগুন ধরিয়ে দেয়। দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
গুদামের মালিক সাজু সরকার দাবি করেছেন, তার কয়েক লাখ টাকার পাট পুড়ে গেছে। গ্রামীণ ব্যাংকের গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে বলে দাবি করেছেন ব্যাংক ব্যবস্থাপক।
পরিস্থিতি গাবতলী থানা পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বগুড়া শহর থেকে দাঙ্গা পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
ভাংচুর ও আগুন লাগানোর ঘটনা স্বীকার করলেও ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানাতে পারেননি গাবতলী থানার ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৮২৮ ঘ.
bdnews24