২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতিরিক্ত ১৯ হাজার আবেদনকারীও হজে যেতে পারবেন

সৌদি আরব এ বছর সবমিলিয়ে প্রায় এক লাখ বাংলাদেশিকে হজে যাওয়ার অনুমতি দিয়েছে। মঙ্গলবার দেশটির ধর্ম মন্ত্রণালয় এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2010, 01:02 PM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সৌদি আরব এ বছর সবমিলিয়ে প্রায় এক লাখ বাংলাদেশিকে হজে যাওয়ার অনুমতি দিয়েছে। মঙ্গলবার দেশটির ধর্ম মন্ত্রণালয় এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করে। এতে সৌদি কর্তৃপক্ষের আগের দেওয়া অনুমোদনের অতিরিক্ত প্রায় ১৯ হাজার আবেদনকারীর হজে যাওয়া নিয়ে তৈরি জটিলতা দূর হলো। ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া বুধবার সচিবালয়ে আগামী মৌসুমের হজ ব্যবস্থাপনা বিষয়ে এক আন্ত:মন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। এ বছর বাংলাদেশ থেকে হজযাত্রী, তাদের গাইড এবং কর্মকর্তাসহ প্রায় ৯৪ হাজার লোক হজে যেতে পারবেন। এর আগে সৌদি কর্তৃপক্ষ ৭৫ হাজার জনের হজে যাওয়ার অনুমোদন দিয়েছিল। ধর্ম প্রতিমন্ত্রী জানান, গত বছর ৫৮ হাজার হজযাত্রী হজে গিয়েছিলেন। এবছর সরকার ৭৫ হাজারের লক্ষ্য নির্ধারণ করে সৌদি আরবের সঙ্গে চুক্তি করেছিল। কিন্তু হজে যেতে আগ্রহী ৯৩ হাজার ৭৬১ জনের আবেদন জমা পরে। এ ব্যাপারে সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ করে অতিরিক্ত ১৯ হাজার হজযাত্রীর হজে যাওয়ার অনুমতি পাওয়া গেছে। তিনি বলেন, "সরকারের আন্তরিক তৎপরতায় সৌদি কর্তৃপক্ষ অতিরিক্ত এই হজযাত্রীদের হজে যাওয়ার অনুমতি দিয়েছে। ফলে তাদের হজে যাওয়া নিয়ে জটিলতা দূর হয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে।" শাহজাহান মিয়া জানান, উত্তরায় হজ ক্যাম্পের পাঁচতলা ভবনে লিফট না থাকায় হাজিদের ওঠানামায় কষ্টের কথা ভেবে চারটি লিফট স্থাপন করছে সরকার। হাজিদের সমস্যার কারণে ইমিগ্রেশন বিভাগকেও শীতাতপ নিয়ন্ত্রিত করা হয়েছে। এ সময় বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাকিউল ইসলাম জানান, সৌদি এয়ারলাইন্স এ বছর ২৮ হাজার হজযাত্রী পরিবহন করবে। বিমান পরিবহণ করবে ৪৫ হাজার জন। এজন্য ভাড়ায় দুটি উড়োজাহাজ আনা হয়েছে। একটি ডিসি-১০ বিমানও এ কাজে লাগানো হবে। তিনি আরো জানান, বাকি ২১ হাজার যাত্রী পরিবহন করবে তৃতীয় সংস্থা (থার্ড ক্যারিয়ার) হিসেবে দায়িত্ব পাওয়া অন্য ছয়টি আকাশ পরিবহন সংস্থা। হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)'র সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার বলেন, "এ বছর অনেক বেশি হজযাত্রী হলেও সৌদি আরবে কোন সমস্যা হবে না। এজন্য ইতোমধ্যেই প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বাড়ি ভাড়ার জন্য ইতোমধ্যেই হজ এজেন্সির প্রতিনিধিরা সৌদি আরবে রয়েছেন। ঈদের পরেই তারা বাড়ি ভাড়ার চুক্তি সম্পন্ন করবেন।" ধর্ম সচিব কাজী হাবিবুল আওয়াল এবং বেসমারিক বিমান পরিবহন ও পর্যটন সচিব শফিক আলম মেহেদীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএএ/১৮৪৬ ঘ.