চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহকর্মীকে হত্যার প্রতিবাদে মিছিল-সমাবেশ করেছে চাঁপাইনবাবগঞ্জের সরকারি কর্মচারীরা।
বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ জেলার উদ্যোগে বুধবার দুপরে জেলা শহরে এ বিক্ষোভ হয়।
সহকর্মীর স্ত্রী ও মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় একদিন আগেই বখাটেদের হাতে নিহত হন সড়ক ও জনপথ বিভাগের প্রহরী আব্দুল হান্নান (৪৫)। বখাটেরা হান্নানকে সড়ক ও জনপথ কার্যালয়ের মুল ফটক থেকে ধরে নিয়ে সেলুনের ভেতর পিটিয়ে হত্যা করে।
এ ঘটনায় বুধবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
প্রতিবাদ সমাবেশ থেকে বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার কর্মচারীরা ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানায়। এ সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে জেলার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারী কর্মচারীরা আন্দোলন গড়ে তোলার হুমকি দেন।
এ ঘটনায় হান্নানের স্ত্রী রাতে সদর থানায় শহরের মসজিদ পাড়ার ইসরাইল হোসেন (২৪), রেহাইচরের সাইফুল ইসলাম (২৮) ও আনারুল ইসলামের (৪৫) বিরুদ্ধে মামলা দায়ের করেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার সমন্বয়ক আবু তাহের ডলার, সড়ক ও জনপথ বিভাগের কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুস সাত্তার, একই বিভাগের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমান ও বাংলাদেশ চতুর্থ শ্রেনীর কর্মচারী ইউনিয়ন জেলা শাখার সভাপতি রেজাউল করিম।
এর আগে জেলার বিভিন্ন দপ্তরের কয়েক'শ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারী কর্মচারীরা সড়ক ও জনপথ বিভাগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭০৪ ঘ.
bdnews24