২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস বুধবার

আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস বুধবার। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2010, 11:41 AM

Updated : 25 Aug 2022, 06:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস বুধবার। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে সকাল ১০টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে এক সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়েছে। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- 'সাক্ষরতাই শক্তি, সাক্ষরতাই মুক্তি'। দিবসটি উপলক্ষে দেশের সব বিভাগ, জেলা ও উপজেলা সদর এবং প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে আলোচনা সভা, শোভাযাত্রা, গণসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে ২০১৪ সালের মধ্যে বাংলাদেশকে নিরক্ষরতামুক্ত করার সরকারের ঘোষণার কথা জানিয়ে বলেন, "নিরক্ষরতা দূরীকরণের কর্মসূচিকে সামাজিক অভিযানে উন্নীত করা প্রয়োজন। সবার সম্মিলিত প্রচেষ্টায় নিরক্ষরতামুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে আমার দৃঢ় বিশ্বাস।" তিনি সরকার ঘোষিত 'সবার জন্য শিক্ষা কার্যক্রম' বাস্তবায়নে সবার প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী তার বাণীতে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার 'ডিজিটাল বাংলাদেশ' গড়ার লক্ষ্য অর্জনের জন্য সবাইকে সাক্ষর ও শিক্ষিত করে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "আসুন, আমাদের সবার ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে দেশের শতভাগ মানুষকে শিক্ষিত করে তুলি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাই।" বিপুল জনগোষ্ঠীকে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে তোলা হলে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জন সহজ হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৭৪০ ঘ.