পাবনা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরীকে উত্ত্যক্ত করার অভিযোগে পাবনায় এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের মির্জাপুর স্কুল অ্যান্ড মাদ্রাসার সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে রোববার জাহাঙ্গীর নামে ওই তরুণকে গ্রেপ্তার করা হয়। পাবনা সদর থানার ওসি মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
কিশোরীর বাবা আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে হোটরা গ্রামের আরব আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন, চাঁদপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে শরিফুল ইসলাম শরীফ, সাহাদিয়াড় গ্রামের আজাদ হোসেনের ছেলে দিনার হোসেন আর চাঁদপুর গ্রামের জলিল হোসেনের ছেলে জাহিদ হোসেন তার মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করতো। জাহাঙ্গীর তার প্রেমের প্রস্তাব দেয়ায় এবং এতে সে রাজি না হওয়ায় জাহাঙ্গীর তার সহযোগীদের দিয়ে তাকে তুলে নেয়ার হুমকি দেয়।
এরপর থেকে তারা মেয়েকে স্কুলে পাঠানো বন্ধ করে দেন বলে জানান রশিদ। এরপর নিরাপত্তার অভাব বোধ করায় তিনি পাবনার পুলিশ সুপার, র্যাবসহ অন্যান্য আইন-শৃংখলা বাহিনীর শরণাপন্ন হন।
পাবনার পুলিশ সুপার জামিল আহমেদ এ প্রসঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খুব শিগগিরই জাহাঙ্গীরের সহযোগীরাও ধরা পড়বে।"
রমজানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ইভটিজাররা বিভিন্ন মার্কেট এবং শপিং মলগুলোর সামনে আস্তানা গেড়েছে বলেও জানান জামিল। তিনি বলেন, "তাদের ধরার জন্য ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২১০৩ ঘ.
bdnews24