বরিশাল, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিজলায় হামের টিকা দেয়ার ডায়রিয়ায় তিন শিশুর মৃত্যুর ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে। মামলা তিনটি করেন তিন শিশুর বাবারা।
সোমবার বরিশাল জোষ্ঠ্য বিচারিক হাকিম চতুর্থ আদালতে করা মামলাগুলোয় স্বাস্থ্য সহকারী তছলিমা বেগম ও মো. জোবায়েদ শাহিনকে আসামি করা হয়েছে।
হাকিম মৃত্যুঞ্জয় মিস্ত্রী পৃথক তিনটি মামলা আমলে নিয়ে ১১, ১২ ও ১৩ অক্টোবরের মধ্যে পুলিশি প্রতিবেদন জমা দিতে হিজলা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
গত ১ সেপ্টেম্বর স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে হামের টিকা নেয়ার পর ডায়রিয়া আক্রান্ত হয়ে গভীর রাতে ওই তিন শিশুর মৃত্যু হয়।
মামলার বাদীরা হচ্ছেন- তমার বাবা প্রফুল্ল ঢালী, তৃষার বাবা পঞ্চম কুলু ও রিতমের পিতা অনিল কুলু।
মামলার আবেদনে বলা হয়েছে, তমা, তিশা ও রিতমকে কালীকাপুর কমিউনিটি কেন্দ্রে গত ১ সেপ্টেম্বর হামের প্রতিষেধক টিকা দেন স্বাস্থ্য সহকারী তছলিমা বেগম ও মো. জোবায়েদ শাহিন। রাতে তারা অসুস্থ হয়ে পড়লে তাদের হিজলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টায় তিনজনের মৃত্যু হয়।
স্বাস্থ্য সহকারীদের তাদের অবহেলায় তিন শিশু সন্তান মারা গেছে বলে আদালতে অভিযোগে উল্লেখ করেন তিন বাদী।
এর মধ্যে বাদী প্রফুল্ল ঢালীর অভিযোগের পুলিশী প্রতিবেদন ১৩ সেপ্টেম্বরের মধ্যে, পঞ্চম কুলুর অভিযোগের প্রতিবেদন ১২ সেপ্টেম্বর ও অনিল কুলুর অভিযোগের প্রতিবেদন ১১ সেপ্টেম্বরের মধ্যে আদালতে জমা দেয়ার জন্য হিজলা থানার ওসিকে নির্দেশ দেন হাকিম।
এদিকে তিন শিশু মারা যাওয়ার ঘটনায় জড়িতদের বিচার দাবি করে সোমবার সকাল ১০টায় মানববন্ধন করেছে কয়েকটি এনজিও। নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এই মানববন্ধন হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২০০৩ ঘ.
bdnews24