ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রুগ্ন শিল্পকে আর্থিক সহায়তা এবং সরকারি খাতের মতো বেসরকারি শিল্পখাতকে সহায়তার সুযোগ রেখে জাতীয় শিল্পনীতি আদেশ, ২০১০ এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
এছাড়া বৈঠকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর সংশোধন, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ ও জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ (সুরক্ষা প্রদান) আইন, ২০১০ অনুমোদন দেওয়া হয়।
সুন্দরবনের বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক প্রটোকল স্বাক্ষর এবং জনশক্তি রপ্তানি বিষয়ে বাংলাদেশ ও ওমানের মধ্যে সমঝোতা স্মারকে নতুন অনুচ্ছেদ সংযোজনের বিষয়ে মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।
বৈঠক শেষে আবুল কালাম আজাদ তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে এসব তথ্য দেন।
অনুমোদিত শিল্পনীতির খসড়ায় দ্রুত শিল্পায়নে ২০০৫ সালের শিল্পনীতিতে বেশ কিছু সংশোধনী আনা হয়েছে। এরমধ্যে রুগ্ন শিল্প প্রতিষ্ঠানকে প্রয়োজনে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার বিধান রাখা হয়।
এছাড়াও সরকারি খাতের মতো বেসরকারি শিল্প প্রতিষ্ঠানগুলোকেও আর্থিক সহায়তা দেওয়ার সুযোগ রাখা হয়েছে নতুন শিল্পনীতির খসড়ায়।
প্রেস সচিব জানান, পৌরসভা নির্বাচন ত্বরান্বিত করতে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর বেশ কিছু সংশোধনী অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
তিনি জানান, দেশে বর্তমানে ৩০৮টি পৌরসভা রয়েছে। এরমধ্যে ২৭২টি পৌরসভার মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়ে গেছে। বাকিগুলোর মধ্যে সাতটির মেয়াদ ২০১০ সালে, ২০টির মেয়াদ ২০১১, একটির মেয়াদ ২০১২ ও বাকি আটটির মেয়াদ ২০১৩ সালে উত্তীর্ণ হবে।
এসব পৌরসভার মধ্যে উচ্চ আদালতে ১৭টি পৌরসভা নিয়ে মামলা চলছে। এগুলোর অধিকাংশের মেয়াদ তিন বছর আগেই শেষ হয়ে গেছে।
আবুল কালাম আজাদ বলেন, এসব পৌরসভায় নির্বাচন অনুষ্ঠান জরুরি। সীমানা জটিলতার কারণে এক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। তাই আগের আইনটিতে সংশোধন প্রয়োজন।
বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির বিশেষ বিধান প্রসঙ্গে আবুল কালাম আজাদ বলেন, দেশে বিদ্যুতের সংকট রয়েছে। এ পরিস্থিতির দ্রুত উন্নয়নে বিশেষ এই বিধান জরুরি হয়ে পড়েছে। কারণ, স্বল্প সময়ে বিদ্যুৎ ও জ্বালানি চাহিদা মেটানো বিদ্যমান আইনে দুষ্কর ও সময় সাপেক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৭৩৩ ঘ.
bdnews24