ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারওয়ান বাজারে সরকারি বাজার তদারকি দলের ওপর চড়াও হওয়ার ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
রোববার বাণিজ্য সচিব গোলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেন।
শনিবার রাজধানীর কারওয়ান বাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার তদারকি দলের ওপর কিছু পাইকারি বিক্রেতা চড়াও হয়।
ওই ঘটনার বিষয়ে শনিবার রাতে বাণিজ্য সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার এ ঘটনার প্রতিবেদন দিতে বলা হয়েছে। সরকারি কাজে বাধা দেওয়ায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।"
এ ঘটনায় বাণিজ্য মন্ত্রণালয়ের সদস্যদের কাছ থেকে প্রতিবেদন হাতে পেয়েছেন বলে জানান গোলাম হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ (রোববার) ঘটনা তদন্ত করে মামলা করার জন্য থানা পুলিশকে বলেছি। যারা সরকারি কাজে বাধা দিয়েছে, তাদের বিরুদ্ধেই এ মামলা হবে। পুলিশ পৃথকভাবে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করবে। এতেই দায়ীদের নাম বেরিয়ে আসবে।"
রোববার রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাণিজ্য মন্ত্রণালয়ের লিখিত অভিযোগ পেলেই এ ঘটনায় মামলা করা হবে।"
"তদারকি দলে থানার পুলিশ সদস্য না থাকায় পুলিশ বাদী হয়ে এ বিষয়ে মামলা করার কোনো সুযোগ নেই। তবে অভিযোগ দিলেই আমরা মামলা নেবো," বলেন তিনি।
প্রতিবেদন বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা প্রতিবেদন দিয়েছি। এতে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছি।"
জড়িত কোনো ব্যক্তি সনাক্ত করে বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে কি না জানতে চাইলে উপ-সচিব বলেন, "এটি গোপনীয়। মন্ত্রণালয় প্রতিবেদন বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।"
শনিবার বেলা সাড়ে ৩টার দিকে কিছু পাইকারি ব্যবসায়ী জড়ো হয়ে তদারকি দলের ওপর চড়াও হয় বলে সেদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তদারকি দলে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন।
তিনি জানান, সোমবার থেকে আবার বাজার তদারকি কাজ শুরু করবে বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ দল।
বাণিজ্য সচিব বাজার তদারিক দলগুলোর তদারক করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এলএইচ/পিডি/২১৫০ ঘ.
bdnews24