জান্নাতুল ফেরদাউস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাজারগুলোয় জবাই করার আগে ৭০ শতাংশ গরুর স্বাস্থ্য পরীক্ষা করা হয় না। ঢাকা সিটি কর্পোরেশনের ৫টি জবাইখানায় মাত্র ৩০ শতাংশ গরুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
৭০ শতাংশ গরুর মধ্যে অ্যানথ্রাক্স আক্রান্ত গরু জবাই হলেও তা ক্রেতার বোঝার কোনো সাধ্য নেই। এ অবস্থায় ক্রেতার সচেতনতাকেই অ্যানথ্রাক্সের হাত থেকে রক্ষার উপায় বলে পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।
ঢাকা সিটি কর্পোরেশনের ভেটেরিনারি সার্জন ডা. আজমতউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিটি কর্পোরেশনের ৫টি জবাইখানায় গরুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এর মাধ্যমে মাত্র ৩০শতাংশ গরুও স্বাস্থ্য পরীক্ষার পর জবাই হয়। বাকি ৭০ শতাংশ গরু বিভিন্ন বাজারে জবাই হচ্ছে। যেগুলোর কোনো তত্ত্বাবধান করা হয় না।"
তবে এ নিয়ে আতঙ্কিত না হয়ে ক্রেতাদেরকে সুস্থ গরুর মাংস কেনার ব্যাপারে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
রোগতত্ত্ব, রোগ নির্ণয়, গবেষণা এবং ন্যাশনাল ইনফ্লুয়েঞ্জা সেন্টারের পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান ঢাকায় অ্যানথ্রাক্সের বিস্তার রোধে স্থানীয় সরকার, সিটি কর্পোরেশন এবং সর্বোপরি জনগণের সচেতনতাকে মুখ্য বলে মনে করছেন।
তিনি বলেন, "বাজারে স্থানীয় সরকারের কঠোর নজরদারি অসুস্থ গরু জবাই রুখতে পারে। অসুস্থ গরুর সংস্পর্শে না এলে বা জবাই না হলে ঢাকায় অ্যানথ্রাক্সের বিস্তার হবে না।"
তিনি জানান, রোগটি মানুষ থেকে মানুষে সংক্রমিত হয় না। কেবল আক্রান্ত গরুর সংস্পর্শে এলে এবং জবাই করা গরুর মাংস খেলে এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। তাই ক্রেতাকে মাংস কেনার আগে গরুর সুস্থতা যাচাই করে নেওয়ার ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
এ বছর রোগটির প্রকোপ বেশি হওয়ার কারণ সম্পর্কে মাহমুদুর রহমান বলেন, "প্রতি বছরই এ রোগ দেখা দেয়। তবে এ নিয়ে আলোচনা এবারই একটু বেশি। এ বছর বাড়ি বাড়ি গিয়ে এ রোগে আক্রান্তদের খুঁজে বের করা হয়েছে। এরপর তা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। জনগণের সচেতনতার ফলে এ রোগে আক্রান্ত গরু জবাই করার হারও কমে গেছে।"
তিনি বলেন, রোগের ওষুধ সহজলভ্য। যথাযথ চিকিৎসার মাধ্যমে ৯০ শতাংশের বেশি আক্রান্ত রোগী সুস্থ হয়ে ওঠে।
ঢাকার গরুর হাটে অধিকাংশ গরুই আসে উত্তরবঙ্গের বিভিন্ন সীমান্ত থেকে। ফলে আক্রান্ত গরু যাতে ঢাকায় প্রবেশ করতে না পারে এ জন্য ঢাকার প্রবেশ মুখগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের সহকারী পরিচালক ড. বিধান চন্দ্র জানান, ঢাকার চেকপোস্টগুলোয় গরুর স্বাস্থ্য পরীক্ষার জন্যে অধিদপ্তরের চারজন ডাক্তার নিযুক্ত রয়েছেন।
তিনি বলেন, "ইতোমধ্যেই আক্রান্ত এলাকাগুলোয় পশুর ভ্যাক্সিন দেওয়া হয়েছে। ফলে ঢাকায় অ্যানথ্রাক্স আক্রান্ত পশু ঢোকার সম্ভাবনা কম।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএএ/২১৩০ ঘ.
bdnews24