২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কখনো রূঢ় আচরণ করবেন না: পুলিশকে আইজিপি

পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার দায়িত্ব পালনের সময় কখনো রূঢ় আচরণ না করতে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2010, 04:46 PM

Updated : 25 Aug 2022, 06:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার দায়িত্ব পালনের সময় কখনো রূঢ় আচরণ না করতে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, "পুলিশ কোনো ফোর্স নয়, পুলিশ হচ্ছে সার্ভিস। কোনো পুলিশ সদস্য অসৎ আচরণ করলে এবং দুর্নীতিতে জড়িয়ে পড়লে তাকে কোনো ধরনের ক্ষমা প্রদর্শন করা হবে না।" রোববার রাজারবাগ পুলিশ টেলিকম অডিটরিয়ামে ঢাকা মহনগর পুলিশের (ডিএমপি) সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর উদ্দেশে তিনি এসব কথা বলেন। পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। মহাপরিদর্শক হিসাবে যোগদানের পর ঢাকা মহানগর পুলিশের উদ্দেশে এটিই তার প্রথম দিক-নির্দেশনামূলক বক্তব্য। পুলিশ প্রধান বলেন, সাধারণ মানুষ পুলিশের যেসব সমালোচনা করেন, অনেকাংশেই তার ভিত্তি রয়েছে। আবার অনেকে উদ্দেশ্যমূলকভাবে পুলিশের সমালোচনা করেন। সুশীল সমাজ, সাধারণ মানুষ ও চিন্তাশীল ব্যক্তিবর্গ পুলিশের সার্বিক কার্যক্রম সম্পর্কে নতুনভাবে ভাবতে শুরু করেছেন। জনমনে পুলিশ সম্পর্কে এই ইতিবাচক ভাবনা ধরে রাখতে হবে। পুলিশ বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, " রূঢ়তা আর দৃঢ়তা এক কথা নয়। দায়িত্ব পালনের সময় দৃঢ় থাকতে হবে, কিন্তু কখনও রূঢ় আচরণ করা যাবে না।" দেশের বর্তমান পরিস্থিতিকে 'অত্যন্ত গুরুত্বপূর্ণ' অভিহিত করে হাসান মাহমুদ খন্দকার বলেন, বর্তমানে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া চলছে। এই সুযোগে কোনো অপতৎপরতার মাধ্যমে যাতে কেউ দেশকে 'অস্থিতিশীল' করতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। অনুষ্ঠানে মহানগর পুলিশ কমিশনার শহীদুল হক বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় পুলিশের আচরণ গণতান্ত্রিক হতে শুরু করেছে। ইতিবাচক এ পরিবর্তনের সূচনা অব্যাহত থাকবে এবং তা জনগণের কাছাকাছি থাকতে হবে। কমিশনার বিভিন্ন বছরের অপরাধের তুলনামূলক চিত্র, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাই গাড়ি উদ্ধার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটন, ট্রাফিক বিভাগের কার্যক্রমসহ বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/এইচএ/২২২৬ঘ.