বরিশাল, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের কোতয়ালি থানায় এক সময়ে কর্মরত উপ-পরিদর্শক (এসআই) মীর কাশেমের বিরুদ্ধে এবার প্রতারণা মামলা হয়েছে।
রোববার বরিশালের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি দায়ের করেন নগরীর ব্যাপটিস্ট মিশন রোডের কাজী নাজমুল হাসানের ছেলে কাজী মেহেদী হাসান।
হাকিম শরীফ মো. সানাউল হক আগামী ২৫ নভেম্বরের মধ্যে আসামিকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
এর আগে গত ২৫ অগাস্ট মীর কাশেমের প্রথম স্ত্রী নাসরিন আক্তার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে তার বিরুদ্ধে যৌতুক দাবির মামলা এবং ২৬ অগাস্ট বিনা অনুমতিতে দ্বিতীয় বিয়ে করায় একই আদালতে আরেকটি মামলা করেন।
হাকিম প্রথম মামলাটিতে গ্রেপ্তারি পরোয়ানা এবং দ্বিতীয়টিতে সমন জারির নির্দেশ দেন।
মেহেদী হাসানের মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ১৩ মার্চ কাজী নাজমুল হাসানের কাছ থেকে স্ট্যাম্পে স্বাক্ষর করে মীর কাশেম এক লাখ ২০ হাজার টাকা ধার নেন। কিছুদিন পর নাজমুল মারা যান।
এরপর তার ছেলে মেহেদী হাসান তার কাছে বারবার টাকা চেয়েও পাননি। এক পর্যায়ে তাকে টাকা দেবেন না বলে জানিয়ে দেন মীর কাশেম।
এসআই মীর কাশেম বরিশাল থেকে বদলী হয়ে যান চাঁদপুরে। সেখান থেকে বদলী করা হয় বান্দরবান সদর থানায়।
কিন্তু অসুস্থতার কথা বলে তিনি এখনো নতুন কর্মস্থলে যোগ দেননি বলে জানান বান্দরবানের পুলিশ সুপারিনটেনডেন্ট কামরুল আহসান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৮ ঘ.
bdnews24