২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ নির্বাচনে তৃণমূলের অংশগ্রহণ নিশ্চিত করার আহবান

জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তৃণমূল নেতাদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সুশাসন বিশেষজ্ঞরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2010, 02:30 PM

Updated : 25 Aug 2022, 06:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তৃণমূল নেতাদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সুশাসন বিশেষজ্ঞরা। রোববার 'জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রক্রিয়ায় স্থানীয় অংশগ্রহণ ও প্রত্যাশা'-শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বক্তারা এ আহবান জানান। রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে এই গোলটেবিল আলোচনার আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। অনুষ্ঠানে টিআইবির পক্ষ থেকে একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়। গবেষণা প্রতিবেদনে বলা হয়, আইনী বাধ্যবাধকতা থাকায় নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী মনোনয়ন দেওয়ার সময় প্রাথমিকভাবে বেশ কিছু ক্ষেত্রে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সুপারিশ গ্রহণ করে। দলটি বেশ কিছু আসনে তৃণমূলের পাঠানো তিনজনের প্যানেল থেকে প্রার্থী মনোনয়ন দিলেও, অনেক ক্ষেত্রে তৃণমূল পর্যায়ের মতামতের প্রতিফলন দেখা যায়নি। কয়েকটি আসনে তৃণমূল থেকে কোনো সুপারিশ সংগ্রহই করা হয়নি বলে জানা যায়। অন্যদিকে টিআইবির তথ্য অনুযায়ী, বিএনপির পক্ষ থেকে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মতামত সংগ্রহের জন্য স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে সাতটি বিশেষ দল গঠন করা হয়। এই দলগুলো স্থানীয় পর্যায়ে বিভিন্ন স্তরের দলীয় ফোরাম ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করে মনোনয়ন প্রত্যাশীদের সর্ম্পকে তথ্য সংগ্রহের মাধ্যমে সম্ভাব্য একটি প্রার্থী তালিকা তৈরি করে। পরবর্তীতে সংসদীয় বোর্ডে সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে মনোনয়ন তালিকা চূড়ান্ত করা হয়। তবে অধিকাংশ ক্ষেত্রে চূড়ান্ত মনোনয়নে তৃণমূলের মতামতের প্রতিফলন দেখা যায়নি বলে উল্লেখ করা হয় গবেষণা প্রতিবেদনে। মনোনয়ন প্রক্রিয়ায় তৃণমূলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার আহবান জানিয়ে গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন, দলে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা বাড়ানোর পাশাপাশি ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। নির্বাচন কমিশনার এম. সাখাওয়াত হোসেন বলেন, "অতীতে রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনকে একটি পোষ্ট অফিস হিসেবে ব্যবহার করেছে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে তোয়াক্কা না করে রাজনৈতিক দলগুলো তৃণমূল পর্যায়ের মতামতকে অবহেলা করেছে।" তিনি আরো বলেন, "এদেশে দীর্ঘদিন নির্বাচন কমিশনকে অকার্যকর করে রাখায় গণতন্ত্রের সঠিক বিকাশ হয়নি। বর্তমানে এ অবস্থা থেকে বেরিয়ে আসতে নির্বাচন কমিশনকে রীতিমতো হিমসিম খেতে হচ্ছে।" শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে সবার সহযোগিতা চেয়ে এই নির্বাচন কমিশনার জানান, সংসদে প্রার্থী মনোনয়নে তৃণমূলের মতামত নিশ্চিত করতে গণপ্রতিনিধিত্ব আদেশে বিধি সংযুক্ত করা হয়েছে। দলগুলোকেই তা কার্যকর করতে হবে বলে মত দেন তিনি। টিআইবির সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোজাফ্ফর আহমেদ বলেন, "আমাদের রাজনৈতিক দলগুলো মেম্বারশীপ নির্ভর নয়, ফলে এতে স্থানীয় প্রতিনিধিত্ব সঠিকভাবে হয় না। নির্বাচনে অর্থ ও শক্তির প্রভাব থাকে। সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।" প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের অসঙ্গতির বিষয়ে নির্বাচন কমিশনকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সাংসদ হাফিজ আহমদ মজুমদার বলেন, "কেন্দ্রীয়ভাবে দলগুলো মনোনয়ন দিলেও তৃণমূলের সেক্ষেত্রে ভূমিকা রয়েছে। তবে পদ্ধতিগতভাবে তা ততটা কার্যকর নয়। নির্বাচন কমিশন এখন অনেক কার্যকর। তবে এ প্রতিষ্ঠানটিকে আরো শক্তিশালী করতে হবে।" সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, "গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে কিছু প্রতিষ্ঠানকে কার্যকর করতে হবে। এর মধ্যে প্রধানতম প্রতিষ্ঠান হলো রাজনৈতিক দল।" তার মতে, রাজনৈতিক দলগুলোকে একটি আদর্শ বাস্তবায়নের জন্য প্রার্থী মনোনয়ণ দেওয়া উচিত। সরকারে গেলে এই আদর্শ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক সালাহউদ্দিন এম আমিনুজ্জামান, সাবেক সচিব আব্দুল লতিফ মন্ডল, বেসরকারি সংস্থা ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আল মাসুদ হাসানুজ্জামান, বেসরকারি সংস্থা ডেমোক্রেসি ওয়াচ-এর নির্বাহী পরিচালক তালেয়া রেহমান প্রমূখ। টিআইবি'র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম. হাফিজউদ্দিন খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএএ/২০১২ ঘ.