ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণতন্ত্র সুরক্ষা ও শক্তিশালী করার লক্ষ্যে সার্কের সদস্য দেশগুলো সার্ক গণতন্ত্র সনদের খসড়া চূড়ান্ত করেছে।
রাজধানীতে দুই দিনব্যাপী বৈঠক শেষে রোববার দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সদস্য আটটি দেশের প্রতিনিধিরা বাংলাদেশের তৈরি এ খসড়া সনদ অনুমোদন করেন।
পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস সাংবাদিকদের বলেন, প্রস্তাবিত গণতন্ত্র সনদে উন্নয়ন ও গণতান্ত্রিক শাসন নিবিড়ভাবে সম্পর্কিত যা ভবিষ্যতে সার্কের কার্যপ্রক্রিয়াকে গতিশীল করবে।
বৈঠকের সভাপতি মিজারুল কায়েস হোটেল শেরাটনে সাংবাদিকদের আরো বলেন, "আজ আমরা দক্ষিণ এশীয় অঞ্চলে গণতান্ত্রিক অঙ্গীকারের অত্যন্ত চমৎকার একটি ভিত নির্মাণ করেছি। আমরা গণতন্ত্র সনদের অত্যন্ত পরিচ্ছন্ন একটি খসড়া গ্রহণ করেছি।
"এই সনদ জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে গণতন্ত্রের সুরক্ষা ও শক্তিশালীকরণে সার্কের চেতনাকে সমুন্নত করবে।"
তবে এ বিষয়ে বিস্তারিত না জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, গৃহিত এই খসড়াটি সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্র সচিব, পররাষ্ট্রমন্ত্রী ও সবশেষে রাষ্ট্রপ্রধানদের বৈঠকে পাঠানো হবে।
তিনি প্রশ্ন রাখেন, "বর্তমানে সব কটি সদস্য দেশেই গণতান্ত্রিক সরকার রয়েছে। এখন যদি আমরা গণতন্ত্র শক্তিশালী করার বিষয়ে কথা না বলি, তবে আর কখন বলব।"
সার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সুফিয়ুর রহমান বলেন, দক্ষিণ এশীয় অঞ্চলের জনসাধারনের জীবন মান উন্নয়নের লক্ষ্যে সার্ক গঠন করা হয়েছে।
সার্কে এই গণতন্ত্র সনদ অন্তর্ভুক্ত করার বিষয়ে তিনি বলেন, "গণতন্ত্র ও উন্নয়ন নিবিড়ভাবে সম্পর্কিত।"
কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি এই সনদ গৃহীত হয়, তবে সেনাবাহিনী কিংবা অন্য যে কোনো অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখলকারী শাসকদের উপর অন্তত চাপ সৃষ্টি করা যাবে।
ভারত ছাড়া বাকি সাতটি সদস্য রাষ্ট্রে গণতন্ত্র চর্চা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এর মধ্যে পাকিস্তান ও বাংলাদেশে অসাংবিধানিক ও সামরিক শাসন গণতন্ত্রের ধারাকে কয়েকবারই ব্যাহত করেছে।
সদস্য দেশগুলোতে অগণতান্ত্রিক শাসনের অবসান ঘটাতে ভুটানের রাজধানীতে থিম্পুতে অনুষ্ঠিত ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলনে গণতন্ত্র সনদ অন্তর্ভুক্ত করার প্রস্তাব করে বাংলাদেশ। এর পরিপ্রেক্ষিতে সদস্য দেশগুলো এই বিষয়ে বাংলাদেশকে একটি বৈঠকের আয়োজন করতে অনুরোধ জানায়।
এর আগে সার্ক সচিবালয়ের মাধ্যমে সদস্য দেশগুলোর কাছে গণতন্ত্র সনদের একটি খসড়া পাঠায় ঢাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেবি/এমআই/১৭৪৬ ঘ.
bdnews24