ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারিবারিক কলহের জেরে রাজধানীর কামরাংগীরচর এলাকায় এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
লায়লা আক্তার ওরফে বৃষ্টি (১৮) নামের ওই গৃহবধূকে হত্যায় জড়িত সন্দেহে পুলিশ তার স্বামী দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে।
শনিবার সকাল ১১টায় পুলিশ মধ্য রসুলপুর থেকে বৃষ্টির লাশ উদ্ধার করে।
কামরাংগীর থানার ওসি শফিকুর রহমান জানান, মেয়েটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে বেদম মারধর ও স্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি আরো বলেন, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
নিহতের মা হাজেরা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় ছয় মাস আগে বৃষ্টির সঙ্গে দেলোয়ারের বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা কখনো ফরিদপুর আবার কখনো ঢাকার কাঁটাবনে থাকত।
তিন মাস আগে কামরাংগীচরের মধ্যরসুলপুরে একটি টিনশেড ঘর ভাড়া নেয় দেলোয়ার। অভাব অনটনের কারণে সংসারে প্রায়ই কলহ লেগে থাকত।
বৃষ্টির বাবা শফিকুল ইসলামের গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরায়। দুই বোন ও তিন ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪১ ঘ.
bdnews24