হবিগঞ্জ, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষের কারণে শনিবার ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ি চলাচল চার ঘণ্টা বন্ধ ছিলো।
সদর উপজেলার শায়েস্তাগঞ্জে ওই সংঘর্ষে শতাধিক লোক আহত এবং বেশ কয়েকটি দোকান ভাংচুর হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। পরে পুলিশ গিয়ে লাঠিপেটা করে এবং রবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে দুই পক্ষকে হটিয়ে দেয়।
টেম্পুতে যাত্রী উঠানামা নিয়ে কিছুদিন আগে নিশাপট ও তালুগড়াই গ্রামের দুই ব্যক্তির মারামারি হয়। তার জের ধরে শুক্রবার সকাল ১০টার দিকে শায়েস্তাগঞ্জের দেউড়ি মোড়ে মহাসড়কের ওপর কয়েক গ্রামের হাজার খানেক লোক লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে পুলিশ জানায়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, উত্তেজিত জনতা ভাংচুর শুরু করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে।
উত্তেজিত জনতা পুলিশের একটি এবং দিগন্ত টিভির সাংবাদিকের মোটর সাইকেল ভাংচুর করে বলে পুলিশ জানিয়েছে।
সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন হবিগঞ্জ সদর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মো. ছালেক মিয়া, শায়েস্তাগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র সাইদুর রহমান, আইকেন মুণ্ডা, কবির মিয়া, গেদাই মিয়া, ইলিয়াছ মিয়া, ছাদেক মিয়া প্রমুখ।
সংঘর্ষের কারণে গাড়ি চলাচল বন্ধ থাকায় ঢাকা থেকে সিলেটমুখী এবং বিপরীতমুখী যাত্রীদের বেশ ভোগান্তিতে পড়তে হয়। তবে দুপুরের পর থেকে গাড়ি চলাচল স্বাভাবিক বলে পুলিশ কর্মকর্তা জিল্লুর জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৩৫ ঘ.
bdnews24