ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর দক্ষিণ বাসাবো থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে সবুজবাগ থানা পুলিশ।
শুক্রবার বিকালে দক্ষিণ বাসাবোর ওহাব কলোনীর একটি বাসা থেকে রোজিনা (২০) নামে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক মালেক খসরু খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। কাফনের কাপড়ে জড়িয়ে লাশটি তখন তার গ্রামের বাড়ি নেত্রকোনার কমলাকান্দা নেওয়ার প্রস্তুতি চলছিলো।
পুলিশ কর্মকর্তা জানান, রোজিনার স্বামী রতন লাশ বহনের জন্য মাইক্রোবাস আনার কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। এতে এলাকাবাসীর সন্দেহ হলে তারা থানায় খবর দেয়।
এ ঘটনায় সবুজবাগ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এএনএস/এইচএ/০০১২ ঘ.
bdnews24