মুন্সীগঞ্জ, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাওয়া-চরজানাজাত নৌ-পথে পদ্মার মাঝামাঝি স্থানে কমপক্ষে দুইশ' যাত্রী ও বিভিন্ন যানবাহনসহ একটি রো রো ফেরি আটকা পড়েছে।
শুক্রবার সকাল পৌনে আটটার দিকে নাব্যতা সংকটের কারণে মাওয়া থেকে চার কিলোমিটার দূরে কাওলিয়ারচর-হাজরা চ্যানেলের মুখে ফেরি 'ভাষাশহীদ বরকত' আটকে যায়।
রাত সাড়ে আটটা পর্যন্ত ফেরিটি উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) সিরাজুল ইসলাম।
তিনি আরো জানান, ফেরিটি চ্যানেলের মুখে আটকে পড়ায় এবং পানি স্বল্পতার কারণে ওই চ্যানেলটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
সকালে প্রায় একই সময় ওই চ্যানেলে রো রো ফেরি শাহ মখদুম ডুবোচরে আটকা পড়লেও কিছুক্ষণের মধ্যেই তা উদ্ধার করা হয়।
সিরাজুল ইসলাম জানান, চার ঘন্টা বন্ধ থাকার পর দুপুর ১২টার দিকে ১০ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে নতুন চ্যানেল দিয়ে শুরু হয় ফেরি চলাচল। এতে আগের চেয়ে এক ঘন্টা সময় বেশি লাগছে।
বিআইডব্লিউটিসির মেরিন অফিসার আব্দুস সোবাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটকে পড়া ফেরিটিতে ট্রাক-বাস ও ছোট গাড়িসহ ২০টিরও বেশি যানবাহন রয়েছে। এটি উদ্ধারের চেষ্টা চলছে।
বিআইডব্লিউটিসি কর্মকর্তা জানান, ২০ কিলোমিটারের এই চ্যানেলটিতে বর্তমানে মাত্র পাঁচ থেকে সাত ফুট পানি রয়েছে।
দুপুর ১২টার দিকে চ্যানেলটি পরিত্যক্ত ঘোষণার পর নতুন চ্যানেল মাওয়া-কবুতর খোলা-কাওলিয়ারচর-চরজানাজাত পথে রো রো ফেরি শাহ মখদুম ও ফেরি রাণীগঞ্জ মাওয়া থেকে চরজানাজাতের উদ্দেশে ছেড়ে যায়।
নতুন এ চ্যানেল দিয়ে রো রো ফেরিতে মাওয়া থেকে চরজানাজাত পৌঁছতে সময় লাগছে এক ঘন্টা বেশি। এখন মাওয়া থেকে চরজানাজাত পৌঁছতে রো রো ফেরির তিন ঘন্টা এবং ছোট ফেরিগুলোর চার ঘন্টা সময় লাগছে।
নতুন চ্যানেলে সময় বেশি লাগায় ফেরির ট্রিপ সংখ্যাও কমে গেছে। এর ফলে নৌ-পথটির মাওয়া ও চরজানাজাত দুপ্রান্তেই তীব্র যানযট সৃষ্টি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/২১১০ ঘ.
bdnews24