গাজীপুর, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের পূবাইল রেল ক্রসিংয়ে বৃহস্পতিবার ট্রেনের ধাক্কায় এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।
নিহত শামিমা আক্তার (১৭) গাজীপুর সদরের পূবাইল আদর্শ কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ও আদর্শ কলেজের শিক্ষার্থীরা টঙ্গী-নরসিংদী সড়ক প্রায় আধ ঘন্টা অবরোধ করে কয়েকটি গাড়ি ভাংচুর করে।
জয়দেবপুর থানার পূবাইল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে নয়টার দিকে মোবাইলফোনে কথা বলতে বলতে পূবাইল রেলক্রসিং পার হচ্ছিলেন শামীমা। এ সময় চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মাথায় গুরুতর জখম হয়। আশপাশের লোকজন উদ্ধার করে উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান আগেই তার মৃত্যু হয়েছে।
শামীমার মৃত্যুর খবর পেয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী এবং তার সহপাঠীরা ১১ টার দিকে টঙ্গী-নরসিংদী সড়ক অবরোধ করে। এ সময় কয়েকটি গাড়ি এবং রেল-ক্রসিং বক্স ভাংচুর করে তারা। এতে ওই সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়।
আধঘন্টা পর জয়দেবপুর থানা পুলিশের একটি দল সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করলে আবার যান চলাচল শুরু হয়।
শামীমা কালীগঞ্জ উপজেলার পুনসই গ্রামের সফিকুল ইসলামের মেয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/পিডি/২১৫২ ঘ.
bdnews24