২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদরা মিথ্যা তথ্য দিয়ে প্লট পেলে বাতিলের সুপারিশ

সংসদ সদস্যদের কেউ মিথ্যা তথ্য দিয়ে প্লট পেয়ে থাকলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) তা বাতিলের সুপারিশ করেছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2010, 03:51 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ সদস্যদের কেউ মিথ্যা তথ্য দিয়ে প্লট পেয়ে থাকলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) তা বাতিলের সুপারিশ করেছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার কমিটির বৈঠকে এ সুুপারিশ করা হয়। রাজউকের প্লট বরাদ্দে কথিত অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে চার সদস্যের একটি উপ-কমিটিও গঠন করা হয়েছে। আওয়ামী লীগ সাংসদ এস কে আবু বকরকে ওই তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। অপর সদস্যরা হলেন- আওয়ামী লীগের সাংসদ ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ ও বজলুল হক হারুন, জাতীয় পার্টির সাংসদ টিআইএম ফজলে রাব্বি চৌধুরী। সংসদ ভবনের মিডিয়া সেন্টারে কমিটির সভাপতি এবিএম গোলাম মোস্তফা সাংবাদিকদের বলেন, "আমরা রাজউকের প্লট বরাদ্দে কথিত অনিয়মের অভিযোগ নিয়ে আলোচনা করেছি। আমাদের অবস্থান হচ্ছে, অনিয়ম করে যে সব প্লট দেওয়া হয়েছে রাজউককে সে সব অবশ্যই বাতিল করতে হবে।" তিনি বলেন, "আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি যে, সংসদ সদস্যরা যদি মিথ্যা তথ্য দিয়ে প্লট বরাদ্দ নিয়ে থাকেন তবে তাও বাতিল করতে হবে।" সরকারি ও বিরোধী দলের ১৫ জন সংসদ সদস্য মিথ্যা তথ্য দিয়ে প্লট বরাদ্দ নিয়েছেন সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশের পরিপ্রেক্ষিতে এই তদন্ত কমিটি গঠন করা হলো। যে সব সাংসদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা হলেন- আওয়ামী লীগের রহমত আলী, ইলিয়াস উদ্দিন মোল্লা, জহিরুল হক ভূঁইয়া, পারভীন তালুকদার, একাব্বর হোসেন, আব্দুল্লাহ আল ইসলাম জেকব, তহুরা আলী, মুরাদ হোসেন, আসলামুল হক, আশরাফ আলী খান খসরু, মঞ্জুর কাদের কোরেশী ও আব্দুল ওয়াদুদ দারা। জাতীয় পার্টির আনিসুল ইসলাম মণ্ডল ও কাজী ফারুক কাদের। জাতীয় সমাজতান্ত্রিক দলের সাংসদ শাহ জিকরুল আহমেদ। আইন অনুযায়ী রাজধানীতে কারো প্লট থাকলে তিনি রাজউকের প্লট বরাদ্দ পাবেন না। সংবাদ মাধ্যমের খবরে বলা হয় এই সাংসদরা ঢাকায় তাদের কোনো প্লট নেই বলে তথ্য দিয়ে রাজউকের প্লট বরাদ্দ নিয়েছেন। একটি বাংলা দৈনিকের খবরে বলা হয়, ১৭জন সংসদ সদস্য রাজধানীতে প্লট থাকা সত্ত্বেও নতুন প্লটের জন্য আবেদন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/বিডি/জেবি/এইচএ/২১৪৭ ঘ.