চট্টগ্রাম, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পটিয়ায় মাইক্রোবাস চাপায় এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।
নিহত গোলাম মোস্তফার (৪৩) বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়।
পুলিশ জানিয়েছে, বুধবার রাত পৌনে ১টার দিকে পটিয়া পৌরসভা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসটি আটক করা হয়েছে। চালক পালিয়েছে।
পটিয়া থানার ওসি ইমতিয়াজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোস্তফা দুইজন উপ-পরিদর্শকের (এসআই) সঙ্গে পটিয়া বাসস্ট্যান্ড এলাকায় টহল দিচ্ছিলেন। রাত পৌনে ১টার দিকে লোহাগাড়াগামী মাইক্রোবাসটি তাকে পেছন থেকে ধাক্কা দেয়।
তিনি জানান, মোস্তফাকে গুরুতর আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তিনি মারা যান।
ওসি ইমতিয়াজ আরো জানান, হাইওয়ে পুলিশ পটিয়ার মোজাফফরাবাদ এলাকা থেকে মাইক্রোবাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।
এ ঘটনায় পটিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এজে/১৩২৩ ঘ.
bdnews24