২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একুশে পদকের অর্থ বীরাঙ্গনাদের দান করলেন বাচ্চু

২০১০ সালে একুশে পদক পাওয়া সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু পদকের এক লাখ টাকা একাত্তরের বীরাঙ্গনাদের দান করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2010, 05:53 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

ঢাকা, সেপ্টেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১০ সালে একুশে পদক পাওয়া সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু পদকের এক লাখ টাকা একাত্তরের বীরাঙ্গনাদের দান করেছেন। বুধবার মুক্তিযুদ্ধ জাদুঘরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি সিরাজগঞ্জের সাত বীরাঙ্গনার উপস্থিতিতে ২০ বীরাঙ্গনার জন্য এ অর্থ তাদের হাতে তুলে দেন। সিরাজগঞ্জে ২০ বীরাঙ্গনাকে সমাজে তাদের প্রাপ্য মর্যাদা দিতে নিজের বাড়িঘর দানসহ সার্বক্ষণিক সাহায্য করছেন সাফিনা লোহানী। নাসিরউদ্দিন ইউসুফ ২০০৬ সালে নাট্যব্যক্তিত্ব সেলিম আল দীনের কাছ থেকে তাদেও সম্পর্কে জানতে পারেন। এরপর থেকে তিনি এসব বীরাঙ্গনার মর্যাদা ও অধিকার আদায়ে বিভিন্ন সময় সহযোগিতা দিয়ে আসছেন। নাসির উদ্দিন ইফসুফ বলেন, "যেসব মায়েরা এই রাষ্ট্রের জন্ম দিয়েছেন, এ সমাজ তাদেরতো দুঃখ-গঞ্জনা ছাড়া আর কিছুই দিতে পারেনি। নিজের অবস্থান থেকে কিছুটা হলেও তাদের মর্যাদা দেওয়ার চেষ্টা করেছি। এ অর্থ খুবই সামান্য ও প্রতীকী। কিন্তু, এর জন্য যে আয়োজন তাতে সমাজে তাদের মর্যাদা কিছুটা হলেও প্রতিষ্ঠিত হবে।" তিনি বীরাঙ্গনাদের জাতীয় বীরের মর্যাদা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আজো বীরাঙ্গনাদের প্রতি রাজাকাররা অত্যাচার চালায়। মাস ছয়েক আগে এক অনুষ্ঠানের জন্য ময়মনসিংহের এক বীরাঙ্গনা তাকে সাক্ষাতকার দেওয়ার পর রাজাকাররা ওই নারীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। নাসির উদ্দিন ইউসুফ বলেন, বীরাঙ্গনাদের দাবি এখন একটাই। যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করে তাদের শাস্তি নিশ্চিত করা। মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি মফিদুল হক বলেন, ২০০৮ সালে নির্বাচনের রায় কোনো দলের পক্ষে নয়, বরং কতগুলো মূল্যবোধের পক্ষে এ রায় হয়েছিলো। তাই এ সরকারকে এ বিচার সুষ্ঠুভাবে শেষ করতে হবে। বীরাঙ্গনা নেত্রী হাসনা বানুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, "হাসনা বানুর ইচ্ছা ছিলো মৃত্যুর আগে যুদ্ধাপরাধীদের বিচার দেখে যাবেন। কিন্তু তা না হলেও তাদের আকাঙ্খা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। আমরা এটি শেষ করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো।" অনুষ্ঠানে সাত বীরাঙ্গনা- সূর্য বেগম, আয়শা বেগম, আছিয়া বেগম, রাজু বালা, মাহেলা বেগম, রাহেলা বেগম, নূরজাহান বেগম উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইমাম বারী। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি অনুষ্ঠানে বীরাঙ্গনাদের পাঁচ হাজার টাকা দান করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/২৩০০ ঘ.