ভোলা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুবলীগ নেতা ইব্রাহীম আহমেদের মৃত্যুর মামলা তদন্তে দলীয় প্রভাব খাটানো হচ্ছে না বলে দাবি করেছেন সরকারদলীয় সাংসদ নূরন্নবী চৌধুরী শাওন।
ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ শাওন বুধবার দুপুরে ঢাকা থেকে ভোলা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক টেলি সংবাদ সম্মেলনে এ দাবি করেন।
সাংসদ শাওনের সনদঅলা পিস্তলের গুলিতে গত ১৩ অগাস্ট মারা যান ইব্রাহিম। তার মৃত্যুর পরপর থানায় একটি অপমৃত্যু মামলা করেন শাওনের গাড়িচালক কামাল হোসেন। এরপর ইব্রাহীমের ভাই মাসুম আহমেদ নিু আদালতে শাওন, কামালসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ এনে হত্যা মামলা করেন ১৮ অগাস্ট।
সংবাদ সম্মেলনে শাওনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম অরুণ পঞ্চায়েত, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম।
ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ এম ফারুকুর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে ভোলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত বিভিন্ন সাংবাদিক উপস্থিত ছিলেন। শাওন সংবাদ সম্মেলনে বলেন, "আমি চাই তদন্তের মাধ্যমে সত্য ঘটনা বেরিয়ে আসুক। যেহেতু আমি ঘটনার সময় উপস্থিত ছিলাম না সেহেতু আমি নিশ্চয়ই নির্দোষ প্রমাণিত হবো।"
ইব্রাহীম মৃত্যুর ঘটনা নিয়ে তার রাজনৈতিক ভবিষ্যৎ ধ্বংসে একটি চক্র ওঠে পরে লেগেছে বলেও দাবি করেন শাওন।
সাংসদস শাওন ঢাকা থেকে ফোন করেছেন বলে জানান দিদারুল। ইব্রাহীম হত্যামামলা প্রসঙ্গে দিদারুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তার (সাংসদ শাওনের) যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ার কথা। তিনি যেন কমিটিতে স্থান না পান সেজন্য ষড়যন্ত্র করে তাকে ইব্রাহীম হত্যামামলায় জড়ানো হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২০৫৩ ঘ.
bdnews24