ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির কারণে দেশের অগ্রগতি হচ্ছে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
তিনি বলেছেন, "দেশের ৯৫ ভাগ মানুষ কৃষক ও শ্রমিক। তারা দুর্নীতি করে না। আমাদের মত যারা রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করে তারাই দুর্নীতি করেন।"
মঙ্গলবার সকালে সচিবালয়ে জাতিসংঘ দুর্নীতি বিরোধী সনদ বিষয়ক সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আইনমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, "যাদের হাতে ক্ষমতা, সেখানে একটা ফাইল এলে তাদেরকে 'ম্যানেজ' না করা পর্যন্ত ফাইল নড়ে না।"
দুর্নীতির মাধ্যমে যেসব অর্থ নেওয়া হচ্ছে তার মালিক রাষ্ট্র ও জনগণ মন্তব্য করে শফিক আহমেদ বলেন, "দুর্নীতি দমনের জন্য আইন আছে। কিন্তু একটি প্রতিষ্ঠান বা বিভাগের নিয়ন্ত্রণকারী কর্মকর্তা নিজে যদি ঠিক থাকেন, তাহলে আইনের প্রয়োজন নেই। এমনিতেই দুর্নীতি কমে যাবে।"
তিনি বলেন, "নিজের বিবেক হলো সবচেয়ে বড় কনভেনশন। এসব সিডি, বই প্রকাশ করে কিছু হবে না। কমিটি করে মাঝে মাঝে মিটিং করলাম, কিছু সিদ্ধান্ত নিলাম, কিন্তু কাজের কাজ কিছু করলাম না-এই ব্যবস্থা দিয়ে দুর্নীতি দমন হবে না।"
এর আগে অনুষ্ঠানের এক পর্যায়ে মন্ত্রী বলেন, "যারা ঘুষ খায়, তাদের টেবিলে এই বই যাবে না। কর্মকর্তাদের ডেকে ফাইলের জন্য বলতে হয়। প্রতিদিন খবরের কাগজে তাদের সম্পর্কে কি লেখা আসছে? এসব আগে দেখুন।"
একই অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, "২০০৭ সালে আনক্যাক-এ বাংলাদেশ যোগ দিয়েছে। গত তিন বছর ধরে আমরা গবেষণা করেই যাচ্ছি। বিভিন্ন প্রতিষ্ঠান, অফিসে সেই গবেষণার ফলাফল পাঠাচ্ছি। কিন্তু কোনো ফল হচ্ছে না। যদি ফলই না পেলাম তাহলে এসব সিডি, বই, গবেষণা করে কিছু হবে না।"
লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ শহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি রিজুয়ান খায়ের, উন্নয়ন সহযোগী জিটিজেড-এর প্রতিনিধি ব্যারিস্টার সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সিডি সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেন যুগ্ম সচিব নাসরিন বেগম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কেএমএস/১৪০৬ ঘ.
bdnews24