চট্টগ্রাম, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের ঘটনা সাজিয়ে এক মায়ের কাছে মুক্তিপণ দাবি করায় চট্টগ্রামে চার কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার নগরীর জিইসি মোড় ও গরীবুল্লাহ শাহ মাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলো- সনৎ সুশীল রাহুল (১৬), মোহাম্মদ রিয়াদ (১৬), মোহাম্মদ ফারুক (১৭) ও মফিজুল হক (১৫)।
এদের মধ্যে রাহুল ও রিয়াদ নগরীর মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র।
কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মহসিন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাহুল তার তিন বন্ধুকে নিয়ে তাকে অপহরণ করা হয়েছে এমন একটি ঘটনার পরিকল্পনা করে।
সে অনুযায়ী রাহুল বাইরে থেকে বাসায় না ফিরে মফিজ ও ফারুককে দিয়ে মায়ের কাছে ফোন করায়। তারা রাহুরের মাকে ৫০ হাজার টাকা দিয়ে রাহুলকে মুক্ত করে নিতে বলে।
পুলিশ কর্মকর্তা জানান, রাহুলের মা তাপসী সুশীল রোববার বিকালে জিইসি মোড়ে মুক্তিপণের টাকা দিতে গেলে পূর্ব প্রস্তুতি অনুযায়ী পুলিশ ফারুক ও মফিজকে গ্রেপ্তার করে।
পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী গরীবুল্লাহ শাহ মাজার এলাকা থেকে রাহুল ও রিয়াদকে গ্রেপ্তার করা হয়।
ফারুক ও রিয়াদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, রাহুলের চাপাচাপিতে তারা এ কাজ করেছে।
রাহুল বলে, "ঈদ ও পূজায় নিজের ও বন্ধুদের জন্য কেনাকাটা করতে টাকা দরকার ছিল। তাই তাদের দিয়ে এ কাজ করিয়েছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/জেবি/ডিডি/২৩৩৩ ঘ.
bdnews24